
মহাজোট সরকারের মন্ত্রীরা গাড়িতে পতাকা ব্যবহার করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এই আহ্বান জানান। পাশাপাশি মন্ত্রীদের পাঠানো কোনো ফাইলে সই না করতেও সচিবদের প্রতি তিনি আহ্বান জানান।
রিজভী বলেন, ‘সংবিধান অনুযায়ী মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিলে মন্ত্রীর পদ শূন্য হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, মন্ত্রীদের পদত্যাগের কথা। অথচ মন্ত্রীরা দায়িত্বে আছেন। এটি সংবিধানের সম্পূর্ণ লঙ্ঘন।’
এখন মন্ত্রীদের গাড়িতে জাতীয় পতাকা ওড়ানো পতাকার প্রতি অসম্মান দাবি করে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে রিজভী বলেন, ‘যেসব মন্ত্রী নিজেদের গাড়িতে পতাকা নিয়ে যাতায়াত করেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন। তা না হলে প্রমাণিত হবে যে, আপনারা সরকারের প্রাইভেট বাহিনীর দায়িত্ব পালন করছেন।’
মন্ত্রীদের পদত্যাগপত্র দেওয়ার পরও পদে বহাল থাকায় বিএনপি আদালতে যাবে কি না—এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে দলের নীতিনির্ধারকেরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
সরকার অবৈধ হলে বিএনপি কেন সংসদ থেকে পদত্যাগ করছে না, জানতে চাইলে রিজভী বলেন, তাঁরা সরকারকে অবৈধ বলছেন। সরকার আর সংসদ এক নয়।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, বিএনপির নেতারা রাস্তায় না নামলে মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়ারা গ্রেপ্তার হতেন না। হাজার হাজার নেতা-কর্মী জেলে থাকত না।
সংবাদ সম্মেলনে ১৮ দলের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের তৃতীয় দিনের পরিস্থিতি তুলে ধরা হয়। রিজভী দাবি করেন, আজ সারা দেশে ১৮ দলের দুজন নিহত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন ৪৫০ জনের বেশি নেতা-কর্মী, আহত হয়েছেন এক হাজারের বেশি।