মন্ত্রীরা প্রচারণায় অংশ নিতে পারবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদার সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা যাতে সিটি করপোরেশন নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ না নেন, সে বিষয়ে নির্দেশ জারির জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি পাঠাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার নির্বাচন কমিশনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, মন্ত্রীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না, বিষয়টি মনে করিয়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হচ্ছে। চিঠি আজ বৃহস্পতিবার পাঠানো হবে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমমর্যাদার সরকারি সুবিধাভোগী ব্যক্তি, সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও হুইপরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না। তা সত্ত্বেও চট্টগ্রামের হালিশহরের একটি কমিউনিটি সেন্টারে গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন মেয়র প্রার্থী আ জ ম নাছিরের উপস্থিতিতে তাঁর জন্য ভোট চান।
এ ছাড়া চট্টগ্রাম সিটির নির্বাচনী কৌশল নির্ধারণের জন্য মোশাররফ হোসেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন। দুটি ঘটনা তদন্ত করে এ বিষয়ে করণীয় নির্ধারণের জন্য রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন কমিশনের মতামত চেয়ে চিঠি পাঠান।
কমিশন সচিবালয় সূত্র জানায়, বিষয়টি নিয়ে আলোচনার জন্য নথি তৈরি করা হলেও শেষ পর্যন্ত নথিটি কমিশনের বৈঠকে উত্থাপন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে গতকাল নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেন, মন্ত্রীরা কেউ আচরণবিধি লঙ্ঘন করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রীদের সম্পর্কে আবদুল বাতেনের চিঠির বিষয়ে শাহ নেওয়াজ বলেন, রিটার্নিং কর্মকর্তা কমিশনকে জানিয়েছেন, সেখানে আচরণবিধি লঙ্ঘন হয়নি।
কমিশন সচিবালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন গত কয়েক দিন থেকে প্রতিটি বিষয়ে অন্য চার কমিশনারের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিচ্ছেন।