মন্ত্রীরা যত কম কথা বলবেন ততই ভলো: সুরঞ্জিত
‘যুদ্ধাপরাধীর বিচার’ কোনো সরকার বা কোনো দলের বা কোনো জোটের বিচার নয়। ফলে এ বিষয়ে আওয়ামী সরকারের, দলের, মন্ত্রীদের কারোর কিছু বলার নেই। কাকে গ্রেপ্তার করা হবে, কাকে ছাড়া হবে বা হবে না, সম্পূর্ণ বিষয়টি ট্রাইব্যুনালের ওপর ন্যস্ত। এ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ-জোট সরকার কারোর সম্পত্তি নয়। আর মন্ত্রীরা এসব বিষয়ে যত কম কথা বলবেন, যত সংযমী-সংযত হবেন, ততই ভলো হবে।গতকাল বুধবার এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। রাজধানীর পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। ‘বিজয়ের অঙ্গীকার যুদ্ধাপরাধীদের বিচার এবং অর্থনৈতিক মুক্তি অর্জনে হরতাল ও নৈরাজ্য পরিহার’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আবদুল হক।জনগণ যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত দেখতে চায় উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধাপরাধীর বিচার একটি বাস্তব প্রক্রিয়া। এটি এমন নয় যে আজকে শুরু হবে আর কালকে শেষ হয়ে যাবে। যেমন নাৎসিদের বিচার হয়েছে, এখনো হচ্ছে। আইন অনুযায়ী সরকারের কাজ ছিল একটি তদন্তকারী সংস্থা, প্রসিকিউটর, আইনজীবীদের প্যানেল ও বিচারপতিদের ট্রাইব্যুনাল গঠন করা। সরকার সেগুলো করে দিয়েছে। এখন সবার আশা, বিচার দ্রুত শুরু হোক।বিশেষ অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, হরতাল গণতান্ত্রিক অধিকার। কিন্তু জ্বালাও-পোড়াও ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও জনগণের জানমালের ক্ষতি করে দেশের অর্থনৈতিক অগ্রগতি রোধ করা কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের কাজ নয়।