এখন নির্বাচনী সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা বা সমমর্যাদার ব্যক্তিরা নির্বাচনী কাজে সরকারি সুবিধা ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে এখন থেকে সরকার রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্প অনুমোদন বা কোনো প্রকল্পের ফলক উন্মোচন করতে পারবে না।
জাতীয় সংসদের নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ-বিধিতে এসব কথা বলা আছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ গতকাল তাঁর ভাষণে বলেছেন, নির্বাচনী আচরণবিধি প্রয়োগে কোনো ছাড় দেওয়া হবে না। কে কোন পদে আছেন, তা দেখা হবে না। আচরণবিধি ভাঙলে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আচরণবিধির ৩ ধারায় বলা হয়েছে, নির্বাচনের সময়ে কোনো সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উন্মোচন করা যাবে না। সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাঁদের অধীনে থাকা সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তহবিল থেকে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা প্রতিষ্ঠানের জন্য কোনো প্রকার অনুদান ঘোষণা বা বরাদ্দ প্রদান বা অর্থ ছাড় করতে পারবেন না। বিধিতে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, মন্ত্রী, চিফ হুইপ, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, বিরোধীদলীয় উপনেতা বা তাঁদের সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি, সাংসদ ও সিটি করপোরেশনের মেয়রকে বোঝানো হয়েছে।
আচরণবিধির ১৪ ধারা সংশোধন করে বলা হয়েছে, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাঁদের সরকারি কর্মসূচির সঙ্গে নির্বাচন কর্মসূচি যোগ করতে পারবেন না। তাঁরা নির্বাচনী প্রচারণায় সরকারি যান, সরকারি প্রচারযন্ত্র বা অন্যান্য সরকারি সুবিধা ভোগ করতে পারবেন না। একই কাজে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারী বা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীকে ব্যবহার করতে পারবেন না। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাঁর নির্বাচনী এলাকার সরকারি উন্নয়ন কর্মসূচিতে কর্তৃত্ব করতে বা এ-সংক্রান্ত সভায় যোগ দিতে পারবেন না।
একই ধারায় আরও বলা হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে আগে থেকে থাকলেও নির্বাচনের সময়ে তা অকার্যকর থাকবে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভোটদান ছাড়া নির্বাচনের দিন ভোটকেন্দ্রে প্রবেশ বা নিজে প্রার্থী না হলে ভোট গণনার সময় গণনাকক্ষে প্রবেশ বা উপস্থিত থাকতে পারবেন না।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে বলা হয়েছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। আচরণবিধির ১৪ ধারায় বলা আছে, নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী ভোট গ্রহণের দিনের পূর্ববর্তী তিন সপ্তাহের আগে, অর্থাৎ প্রার্থিতা প্রত্যাহারের আগে কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না। ভোট গ্রহণ শেষে বিজয়ী প্রার্থীদের নাম গেজেটে প্রকাশের আগ পর্যন্ত আচরণবিধি বহাল থাকবে।
গতকাল সিইসি আরও বলেন, বর্তমানে দুটি প্রধান রাজনৈতিক জোটের মধ্যে নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে মতানৈক্যের ফলে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সমঝোতা হয়নি। তাই অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, মন্ত্রী ও অন্যান্য সরকারি সুবিধাভোগী বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নির্বাচন-পূর্ব সময়ে কিছু কিছু বিষয়ে নিষেধাজ্ঞার আওতায় এনে আচরণবিধি সংশোধন করা হয়েছে।
নির্বাচন-পূর্ব সময়ে মিছিলসহকারে শোডাউন, আপ্যায়ন ও ভোট কেনাবেচার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সিইসি বলেন, নির্বাচনী আইন ও আচরণবিধি অনুযায়ী রঙিন পোস্টার ব্যবহার বা দেয়ালে সাঁটানো, দেয়াললিখন, গেট বা তোরণ নির্মাণ, বৈদ্যুতিক আলোকসজ্জা ইত্যাদি নিষিদ্ধ। আচরণবিধির এ-জাতীয় লঙ্ঘনে যেকোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে।