আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ‘এক-এগারোর পর রাজনীতির অন্ধকার সময়ে আশার আলো সাংবাদিকেরাই জ্বালিয়েছিল, রাজনীতিকেরা নয়। তাই কথা বলার ক্ষেত্রে রাজনীতিকদের পরিমিতিবোধ থাকা উচিত।’ গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।এর এক দিন আগে গত শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ছাত্রলীগের কার্যক্রমের প্রশংসা ও সাংবাদিক-মন্ত্রীদের সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন।‘দিন বদলের সনদ: আমাদের করণীয়’ শীর্ষক গতকালের আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমী। ওবায়দুল কাদের সভায় আবদুল লতিফ সিদ্দিকীর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘চাঁদাবাজি আমরা কে কতটা করি তা ব্যবসায়ীরা ভালো জানেন। তাই কাচের ঘরে বসে ঢিল ছুড়ে লাভ নেই।’ তিনি মন্ত্রীদের উদ্দেশ করে বলেন, ‘১৮ মাসে যাঁরা যোগ্যতা-দক্ষতা প্রমাণ করতে পারেন না, তাঁরা ১৮ বছরেও পারবেন না।’যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিচারের জন্য সময় বেধে দিলে হবে না। সবাইকে দায়িত্বশীল মন্তব্য করতে হবে। বিচার এক বছরে, না তিন বছরে হবে সে বিষয়ে দায়িত্বশীল কারও কথা বলা উচিত নয়। কারণ কথা বলার জন্য যুদ্ধাপরাধ বিচারের জন্য গঠিত আদালত ও তদন্তকারী দল আছে। এম এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সিরাজ, সাংসদ ইস্রাফিল আলম প্রমুখ।যুবলীগের সভা: যুদ্ধাপরাধী ও জঙ্গি অপতৎপরতার আস্তানা খুঁজে বের করতে যুবলীগের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয়ে যুবলীগের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ঢাকা জেলা শাখার যৌথ সভায় এই কথা বলেন। সভায় আরও বক্তৃতা করেন হুইপ ও যুবলীগের সাধারণ সম্পাদক মীর্জা আজম, হারুনুর রশীদ, শহীদ সেরনিয়াবাত প্রমুখ। সভাপতিত্ব করেন যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।