কাউন্সিলর পদে সমর্থন নিয়ে আওয়ামী লীগের সমর্থন-প্রত্যাশীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। প্রার্থীদের চাপ প্রয়োগ করে মনোনয়নপত্র প্রত্যাহার ফরমে সই নেওয়ার অভিযোগ উঠেছে। দলীয় অনুমোদন না পাওয়া অনেকে অভিযোগ করেছেন নির্দেশ অমান্য করলে তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে এমন হুমকিও দেওয়া হয়েছে।
বঞ্চিতদের অভিযোগ স্থানীয় মন্ত্রী-সাংসদ, প্রভাবশালী কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের আশীর্বাদপুষ্টরাই ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের বেশির ভাগ কাউন্সিলর পদে দলীয় সমর্থন পেয়েছেন। এ ক্ষেত্রে রাজনৈতিক মেধা ও মাঠের পরিশ্রমের যোগ্যতা প্রাধান্য পায়নি। কোথাও কোথাও মাঠপর্যায়ে রাজনীতিকদের বদলে ব্যবসায়ী, টেন্ডারবাজসহ বিভিন্ন মামলার আসামিরা সমর্থন পেয়েছেন। তবে দলের ভেতরে রাজনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করে তাঁদের অধিকাংশই উদ্ধৃত হতে রাজি হননি।
দলীয় নির্দেশ মেনে যাঁরা আগেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন, তাঁদেরও অনেকে দল-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন না। আর যাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, তাঁরা নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ ওয়াহেদুর রহমানকে সমর্থন দিলেও অন্তত চারজন এখনো প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেছেন।
ওয়াহেদুর রহমান আশায় আছেন তাঁরা মনোনয়ন প্রত্যাহার না করলেও শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবেন। তিনি বলেন, ‘তাঁদের অনুরোধ করেছি, আমার বিশ্বাস, তাঁরা সাড়া দেবেন। দলের সমর্থিত প্রার্থীর হয়ে তাঁরা সবাই কাজ করবেন।’
তবে অন্য প্রার্থীদের সরে যাওয়ার ইচ্ছে নেই। ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মো. মামুন মিয়া বলেন, ‘স্থানীয় নির্বাচনে যে কারও নির্বাচন করার অধিকার আছে। আজ জুমার নামাজের পর আনুষ্ঠানিক প্রচার শুরু করব।’ আওয়ামী লীগের সমর্থনের আশায় থাকা আরেক প্রার্থী দেওয়ান আবদুল মান্নান। তিনি বলেন, ‘আমার কোনো পদ-পদবি নেই। আমি আওয়ামী লীগের একজন সমর্থক। এলাকার মানুষজন ভালোবাসে, কিছু সমর্থক আছে। সিদ্ধান্ত নিই, দেখি কী হয়।’
ওয়ার্ডের সাবেক কমিশনার এ কে এম দেলোয়ার হোসেন প্রত্যাশায় ছিলেন দলীয় সমর্থনের। তাঁর নির্বাচনী কার্যালয়ে গিয়ে দেখা যায়, কয়েকজন সমর্থক বসে আছেন। তাঁদের আশা দেলোয়ার হোসেন নির্বাচন করবেন।
ঢাকা দক্ষিণের ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগের পক্ষে সমর্থন পেয়েছেন হাজি শফিক। নাম প্রকাশে অনিচ্ছুক ৩২ নম্বর ওয়ার্ডের একাধিক নেতা প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকা সত্ত্বেও হাজি শফিককে সমর্থন দেওয়া হয়েছে। তিনি আওয়ামী লীগ করেন না। দলে তাঁর কোনো পদবি নেই।
মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের ছেলে ওমর বিন আজিজ দলের সমর্থন পেয়েছেন। সাংসদ নূরুন্নবী চৌধুরীর স্ত্রীর বড় ভাই তৈমুর রেজাকে সমর্থন দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকজন সাংসদ ও মহানগর নেতার আত্মীয়স্বজনও দলের সমর্থন পেয়েছেন। ফলে সমর্থন না পাওয়া নেতাদের অনেকেই কিছুটা ক্ষুব্ধ।
মহানগর কমিটির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কাউন্সিলর পদে ত্রাণ ও দুর্যোগব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পছন্দের প্রার্থীই সবচেয়ে বেশি।
দুই সিটি করপোরেশনের ৯৩টি ওয়ার্ডের দল-সমর্থিত প্রার্থীর তালিকা প্রকাশ করেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফারুক খান ও আব্দুর রাজ্জাক। ঢাকা দক্ষিণে ১৪ ও ২২ নম্বর ওয়ার্ডে অন্য কোনো দলের প্রার্থী না থাকায় ওয়ার্ড দুটি উন্মুক্ত রেখে ৯১ ওয়ার্ডে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে।