মন্ত্রী-সাংসদদের বেতন-ভাতা বাড়ল
সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবং সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর বিল পাস হয়েছে জাতীয় সংসদে।
‘দ্য মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (সংশোধন) বিল ২০১৬-এ একজন মন্ত্রীর বর্তমান বেতন ৫৩ হাজার ১০০ থেকে বাড়িয়ে ১ লাখ ৫ হাজার টাকা, প্রতিমন্ত্রীর বেতন ৪৭ হাজার ৮০০ থেকে বাড়িয়ে ৯২ হাজার টাকা এবং উপমন্ত্রীর বেতন ৪৫ হাজার ১৫০ থেকে বাড়িয়ে ৮৬ হাজার ৫০০ টাকা করার কথা বলা হয়েছে।
বিলে বলা হয়েছে, মন্ত্রী সরকারি বাড়িতে না থাকলে তাঁকে ভাড়া দেওয়া হবে। একজন মন্ত্রী বাড়িভাড়া পাবেন ৮০ হাজার টাকা এবং প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পাবেন ৭০ হাজার টাকা করে।
এ ছাড়া গতকাল সাংসদদের বেতন-ভাতা দ্বিগুণ করতে সংসদে বিল পাস হয়েছে। এতে সাংসদদের বেতন ২৭ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৫৫ হাজার টাকা করা হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউয়েন্সেস) (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৬ পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিলের ওপর দেওয়া সংশোধনী প্রস্তাবে জাতীয় পার্টির সদস্যরা বেতন-ভাতা আরও বাড়ানোর দাবি করলে জবাবে আনিসুল হক বলেন, ‘আমরা নিজেরাই নিজেদেরটা বাড়াচ্ছি। বিবেচকের মতো বাড়াতে হবে। আমাদের সামর্থ্য থাকলে বাড়াতাম।’
বিলে সাংসদদের ব্যয় নিয়ামক ভাতা ৩ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা, দৈনিক ভাতা ৩০০ থেকে বাড়িয়ে ৭৫০ টাকা, স্বেচ্ছাধীন তহবিল ৩ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা, নির্বাচনী এলাকার মাসিক খরচ সাড়ে ৭ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা, মাসিক পরিবহন খরচ ৪০ হাজার থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা এবং বার্ষিক ভ্রমণ খরচ ৭৫ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকা করা হয়েছে।