মন্দা কাটানোর প্রণোদনা কর্মসূচি সংশোধন, ব্যবসায়ীরা খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব মন্দা মোকাবিলার অংশ হিসেবে ঘোষিত দ্বিতীয় প্রণোদনা কর্মসূচিতে (প্যাকেজ) রপ্তানিকারক ও ব্যবসায়ীদের পক্ষে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। রপ্তানি খাতের উন্নয়নের জন্য গত বছরের নভেম্বরে এক হাজার কোটি টাকা ব্যয়ের এ দ্বিতীয় প্রণোদনা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। আর গত বছরের এপ্রিলে ঘোষিত প্রথম প্রণোদনা প্যাকেজে সহায়তার পরিমাণ ছিল তিন হাজার ৪২৪ কোটি টাকা। তবে দ্বিতীয় প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন ও অর্থ ছাড় নিয়ে শুরু থেকেই অসন্তুষ্ট ছিল বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয় থেকে ‘দ্বিতীয় প্রণোদনা প্যাকেজের আওতাভুক্ত সংশোধিত প্রস্তাবসমূহ বাস্তবায়ন প্রসঙ্গে’ শিরোনামে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ৭ এপ্রিল বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভা ও সিদ্ধান্তের ভিত্তিতে গঠিত কমিটির সুপারিশে প্রজ্ঞাপনটি জারি করা হয়। দ্বিতীয় প্রণোদনা প্যাকেজে বলা ছিল, বস্ত্র খাতের শিল্পপ্রতিষ্ঠানের ক্যাপটিভ জেনারেটরের নিবন্ধন নবায়ন ফি গত ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত চলতি অর্থবছরের জন্য বরাদ্দ করা প্যাকেজ থেকে দেওয়া হবে।গতকাল জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কাজ দ্রুত বাস্তবায়ন করতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) দুই কোটি ৬০ লাখ টাকা দেবে অর্থ বিভাগ। আর বিইআরসি অর্থ ব্যয়ের নিরীক্ষিত হিসাব অর্থ পাওয়ার তিন মাসের মধ্যে অর্থ বিভাগে পাঠাবে। দ্বিতীয় প্যাকেজে আরও বলা হয়েছিল, ‘যেসব প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাপটিভ জেনারেটর বা ডিজেলচালিত জেনারেটর নেই, চলতি অর্থবছরে তাদের পরিশোধিত বিদ্যুৎ বিলের ওপর আগামী ৩০ জুন পর্যন্ত ১০ শতাংশ হারে অনুদান দেওয়া হবে।’এই ধারা সংশোধন করে গতকালের প্রজ্ঞাপনে ডিজেলচালিত জেনারেটরের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাপটিভ জেনারেটর নেই, চলতি অর্থবছরে তাদের পরিশোধিত বিদ্যুৎ বিলের ওপর আগামী ৩০ জুন পর্যন্ত ১০ শতাংশ হারে অনুদান দেওয়া হবে।এতে আরও বলা হয়, দ্বিতীয় প্যাকেজে ‘নতুন বাজার’ বলতে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন ছাড়া যেকোনো বাজারে যেকোনো পণ্য এবং যেকোনো বাজারে বিটিএমএর মিলে উৎপাদিত প্রত্যক্ষ সুতা রপ্তানি ‘নতুন পণ্য’ হিসেবে সংজ্ঞায়িত হবে।এ ছাড়া বস্ত্র খাতে পুনঃ তফসিলীকৃত ঋণের সুদের হার ১০ শতাংশ নির্ধারণের বিষয়টি বাংলাদেশ ব্যাংক বিবেচনা করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নভেম্বরে ঘোষিত প্যাকেজে বস্ত্র খাতে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের যেসব শিল্পপ্রতিষ্ঠান ২০০৮-০৯ অর্থবছরে ৩৫ লাখ ডলার পর্যন্ত রপ্তানি করেছে, তাদের জন্য আগের বছরের প্রকৃত রপ্তানির সমান বা অতিরিক্ত রপ্তানি হলে, চলতি অর্থবছরে এই অতিরিক্ত রপ্তানির ওপর পাঁচ শতাংশ রপ্তানি প্রণোদনা-সহায়তা দেওয়ার কথা বলা ছিল।গতকাল জারি হওয়া প্রজ্ঞাপনে এই শর্তটি কিছুটা শিথিল করে বলা হয়েছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের যেসব রপ্তানিকারক ২০০৮-০৯ অর্থবছরে ৩৫ লাখ ডলার পর্যন্ত রপ্তানি করেছেন, তাঁদের পাঁচ শতাংশ হারে রপ্তানি প্রণোদনা-সহায়তা দেওয়া হবে।বিদ্যমান প্যাকেজ অনুযায়ী, চলতি অর্থবছরে ব্যাংক ঋণ পুনঃ তফসিলকারী এবং বৃহৎ বস্ত্রশিল্প-প্রতিষ্ঠানের মালিকানাধীন কোনো ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানকে রপ্তানি-সহায়তা না দেওয়ার কথা বলা ছিল। এই ধারাও সংশোধন করে কিছুটা শিথিল করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যাঁরা ব্যাংক ঋণ পুনঃ তফসিলীকরণের সুযোগ নিয়েছেন, তাঁরাও রপ্তানি-সহায়তা নিতে পারবেন।যোগাযোগ করলে বিকেএমইএ সভাপতি ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘দ্বিতীয় প্রণোদনা প্যাকেজের এই সংশোধনীতে আমরা খুশি। এটি ব্যবসায় ও রপ্তানিবান্ধব হয়েছে।’