মন্দির, গির্জায় হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি জামায়াতের
হিন্দু সম্প্রদায়ের মন্দির, খ্রিষ্টানদের গির্জা ও বাড়িঘরে হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করেছে জামায়াতে ইসলামী।দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিনে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, গির্জা ও বাড়িঘরে একাধিক হামলার ঘটনার পর গতকাল রোববার দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এই দাবি জানান।বিবৃতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, গির্জা ও বাড়িঘরে হামলার ঘটনায় দলের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির। তিনি দাবি করেন, জামায়াতের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে কোনো অমুসলিম সম্প্রদায়ের বাড়িঘর বা ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালানোর মতো নোংরা কাজের সঙ্গে সংশ্লিষ্ট থাকার নজির নেই। বিবৃতিতে বলা হয়, সরকারের বিরুদ্ধে জনমনে সৃষ্ট পুঞ্জীভূত ক্ষোভ ভিন্ন দিকে প্রবাহিত করার উদ্দেশ্যে সরকার অত্যন্ত কৌশলে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, গির্জায় হামলার দায় জামায়াত-শিবিরের ওপর চাপাচ্ছে। এই ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকা এবং দলের বিরুদ্ধে চালানো অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।পৃথক বিবৃতিতে শনিবার বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা ও নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের এবং ব্লগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জীবননাশের হুমকির প্রতিবাদ জানান জামায়াতের ভারপ্রাপ্ত আমির।