মন্দির ও নেতাদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) মন্দির, কান্তজিউ মন্দিরের রাসমেলা ও হিন্দু নেতাদের ওপর হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার রাজধানীতে মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিভিন্ন সংগঠন।
জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে এই কর্মসূচিতে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটি, ইসকন ও জাতীয় হিন্দু মহাজোটের নেতা-কর্মীরা অংশ নেন। এতে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, ইসকনের সভাপতি সাবেক ডিআইজি সত্য রঞ্জন বাড়ৈ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা।
বক্তারা বলেন, কয়েক মাস ধরে হিন্দুদের মন্দির ও তাঁদের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। গত বৃহস্পতিবার দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ ডহচি গ্রামে একটি ইসকন মন্দিরে হামলা চালায় দুর্বৃত্তরা। ৪ ডিসেম্বর রাতে কান্তজিউ মন্দির প্রাঙ্গণে যাত্রাপালার প্যান্ডেলে বোমা হামলা হয়। এসব ঘটনায় জড়িত ব্যক্তিরা ধরা পড়ছে না।
হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তারা বলেন, বিচারহীনতার কারণেই একের পর এক ধর্মীয় প্রতিষ্ঠান ও সাধু-সন্ন্যাসীদের ওপর এ ধরনের হামলার ঘটনা ঘটছে।
এ সময় সংগঠনের কর্মীরা প্রেসক্লাবের সামনের সড়কে বসে পড়েন। এক ঘণ্টার অবরোধের ফলে সড়কটির একাংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।