ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা, প্রতিমা ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার দেশের দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে। এসব কর্মসূচি থেকে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

ফরিদপুর: বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে আধা ঘণ্টার মানববন্ধন হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সচেতন নাগরিক কমিটির মুজিবুর রহমান, মাইনরিটি রাইটস ফোরামের অঞ্জনা শীল প্রমুখ। বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তি এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার। দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি। জেলা পূজা উদ্যাপন পরিষদ এই আয়োজন করে।
এর আগে একই জায়গায় সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানববন্ধন করে ফরিদপুরের সামাজিক প্রতিরোধ কমিটি। এ সময় বক্তব্য দেন খাদিজা বেগম, সুরেশ চন্দ্র হালদার, শিপ্রা গোস্বামী প্রমুখ।
এদিকে বিকেলে মধুখালী উপজেলা আখচাষি কল্যাণ সংস্থার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন জেলা সিপিবির সদস্য মানিক মজুমদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপজেলা কমিটির সাবেক সভাপতি হাজি আ. মালেক সিকদার প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বাজার এলাকা প্রদক্ষিণ করে।
পিরোজপুর: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু মহাজোট ও হিন্দু ছাত্র-যুব ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে মঠবাড়িয়া পৌর শহরের কেন্দ্রীয় হরি মন্দিরের সামনের সড়কে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে মঠবাড়িয়া পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পরিতোষ ব্যাপারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সাংসদ মো. আনোয়ার হোসেন, জেলা সিপিবির সভাপতি দিলীপ কুমার পাইক প্রমুখ। বক্তারা এসব হামলায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
রাজবাড়ী: বিকেল সাড়ে চারটার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সিপিবির স্থানীয় নেতা-কর্মীরা সমবেত হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে শেষ হয়। সেখানে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক কমরেড বাবন চক্রবর্তী, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মণ্ডল প্রমুখ।
কেশবপুর (যশোর): বাংলাদেশ দলিত পরিষদ কেশবপুর শাখার উদ্যোগে বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিষদের কেশবপুর শাখার সভাপতি অসীম দাস। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অশোক দাস, উপদেষ্টা মিলন দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।
খুলনা: বেলা ১১টার দিকে নগরের পিকচার প্যালেস মোড়ে বাংলাদেশ ছাত্রমৈত্রী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি আহাদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সিপিবি জেলা শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ মফিদুল ইসলাম। বিকেলে একই স্থানে যৌথভাবে মানববন্ধন করে সিপিবি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।