মন্দির ও বাড়িঘরে হামলার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা মানববন্ধন করেছে। একই দাবিতে মানিকগঞ্জেও মানববন্ধন করে সিপিবির জেলা শাখা।
বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের নেতা কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, সেলিম মাহমুদ, সিপিবির নেতা আবদুল হাই শরীফ প্রমুখ। মানববন্ধন শেষে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।
হাফিজুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের ওপর যে ধরনের নৃশংস আক্রমণ হয়েছে, তা মুক্তিযুদ্ধের মৌল চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। নাসিরনগরের আক্রমণের ধরন ও রামুর বর্বরোচিত হামলার ধরন একই। সুতরাং বোঝা যায়, এটি একটি পরিকল্পিত সাম্প্রদায়িক হামলা। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারলে তাদের জমিজমা দখল করা যাবে।
এদিকে বিকেল সাড়ে চারটার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে জেলা সিপিবি। এতে জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য খুশি মোহন দাসের সভাপতিত্বে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় সদস্য আজাহারুল ইসলাম, মিজানুর রহমান, মঞ্জুর আহমেদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক আরশেদ আলী, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এম আর লিটন প্রমুখ।
আজাহারুল ইসলাম বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় এর আগে একাধিক মামলা হলেও কোনো আসামির সাজা হয়নি। নাসিরনগরে এ ধরনের বর্বরোচিত হামলা আমাদের সার্বভৌমত্বের হুমকির কারণ হতে পারে। এ জন্য এ ধরনের হামলার বিপক্ষে সরকারের জিরো টলারেন্স থাকতে হবে।