মন্দির থেকে স্বর্ণালংকার চুরি
ফরিদপুরের ঐতিহ্যবাহী কয়ড়া কালীমন্দিরের প্রতিমার শরীর থেকে সোনা ও রুপার অলংকার এবং প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি হয়েছে।
গত শনিবার দিবাগত রাতের কোনো একসময়ে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর গ্রামে কুমার নদের পাড়ে অবস্থিত কয়ড়া কালীমন্দিরে এ চুরির ঘটনা ঘটে।
মন্দির কমিটির সভাপতি সুভাষচন্দ্র সাহা জানান, চোরেরা প্রতিমার সোনার চোখ, সোনার জিহ্বা, সোনার চেনসহ পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার, ছয় ভরি ওজনের রুপার অলংকার এবং প্রণামী বাক্সের সব টাকা নিয়ে গেছে। রাতেই বিষয়টি পুলিশকে জানানো হয়। সাতৈর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার নাজিরুল ইসলাম বলেন, দেড় শ বছরের পুরোনো এই কালীমন্দিরটি এলাকার অত্যন্ত সুপরিচিত ও প্রসিদ্ধ। প্রতিবছর মাঘ মাসের পূর্ণিমার দিনে মন্দিরের পাশের কুমার নদে পুণ্যস্নান হয়। সে সময় দেশ-বিদেশের হাজারো ভক্ত এখানে সমবেত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।