মন্দির দর্শন করে মোদির দিন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারিধারায় ভারতীয় হাইকমিশনে নতুন চ্যান্সেরিসহ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে
বারিধারায় ভারতীয় হাইকমিশনে নতুন চ্যান্সেরিসহ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার সকালে অন্তত তিনটি কার্যসূচি সেরেছেন তিনি।

সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির এবং রামকৃষ্ণ মঠ ও মিশন দর্শন করেছেন মোদি। এরপর গেছেন বারিধারা কূটনৈতিক জোনের দূতাবাস সড়কে ভারতীয় হাইকমিশনে। সেখানে তিনি নতুন চ্যান্সেরি উদ্বোধন করেছেন।

সকাল পৌনে নয়টার দিকে ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে সফরের দ্বিতীয় দিনের কার্যসূচি শুরু করেন তিনি। সেখানে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। মন্দির দর্শন এবং প্রার্থনায় অংশ নেওয়ায় পর মোদির হাতে স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরিয়ে দেওয়া হয় উত্তরীয়।

এরপর ৯টা ১০ মিনিটের দিকে মোদি যান রামকৃষ্ণ মিশনে। সেখানেও তাঁকে অভ্যর্থনা জানানো হয়। তিনি রামকৃষ্ণ মঠ ও মিশন দর্শন করেন। অংশ নেন প্রার্থনায়। সেখানেও তাঁকে একাধিক স্মারক ও ক্রেস্ট দেওয়া হয়।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

রামকৃষ্ণ মিশন থেকে সকাল সাড়ে নয়টার দিকে মোদি রওনা দেন বারিধারায় ভারতীয় হাইকমিশনের উদ্দেশে। সকাল পৌনে ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান। দূতাবাস প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের পর নতুন চ্যান্সেরি উদ্বোধন করেন মোদি। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় ব্যবহারের জন্য বাংলাদেশ সরকারকে একটি অ্যাম্বুলেন্স দেন ভারতীয় প্রধানমন্ত্রী। ভারত সরকারের সহায়তায় নির্মিত ছয়টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পরে সেখান থেকে হোটেল সোনারগাঁওয়ে ফেরেন তিনি।

রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে
রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

দুপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন মোদি। রাষ্ট্রপতির কাছ থেকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা অটল বিহারি বাজপেয়ির পক্ষে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ গ্রহণ করবেন ভারতের প্রধানমন্ত্রী। এরপর রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্ন ভোজ সারবেন তিনি।
বিকেলে মোদির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ সৌজন্য সাক্ষাৎ করবেন।
সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে জনবক্তৃতা দেবেন ভারতের প্রধানমন্ত্রী। বক্তৃতা অনুষ্ঠান শেষে সরাসরি বিমানবন্দরে গিয়ে দিল্লির পথে যাত্রা করবেন মোদি।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে মোদি প্রথমবারের মতো গতকাল শনিবার সকালে বাংলাদেশে আসেন।