মন্দির ভাঙা ও হামলার প্রতিবাদে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা ও মন্দির ভাঙার প্রতিবাদে ফরিদপুরের বিভিন্ন সংগঠন মানববন্ধন করেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সচেতন নাগরিক কমিটির মুজিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মাইনরিটি রাইটস ফোরামের অঞ্জনা শীল, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা মশিউর রহমান, ব্যবসায়ী নেতা দীন মোহাম্মদ, পূজা উদ্যাপন পরিষদের সুকেশ সাহা, ছাত্রলীগ নেতা মিঠুন কর্মকার, ফরিদপুর মেডিকেল কলেজের ছাত্র সৌরভ সাহা, ওই কলেজের ছাত্রী অন্দ্রিলা শৈলী, ফরিদপুর প্রকৌশল কলেজের ছাত্র সুপ্রতীক কর্মকার, ডায়াবেটিক মেডিকেল কলেজের কর্মচারী মৃদুল কান্তি বিশ্বাস, আশীষ কুমার মণ্ডল, ২২ দলের নেতা মাইনুদ্দীন আহমেদ, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম, পূজা উদ্যাপন পরিষদের অনিমেষ রায় প্রমুখ।
বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তি এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত বাংলাদেশে এ ন্যক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে, তাদের অপরাধ একাত্তরের যুদ্ধাপরাধেরই সমতুল্য। বক্তারা নাসিরনগরসহ সারা দেশে সংঘটিত ঘটনাবলির বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।
এর আগে একই জায়গায় সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানববন্ধন করে ফরিদপুরের সামাজিক প্রতিরোধ কমিটি।