মন্দির ভাঙাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি সদর উপজেলার রানাপাশা গ্রামে মন্দির ভাঙাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে। এ ঘটনায় জেলা পূজা উদ্যাপন কমিটি ও এক ব্যবসায়ী মুখোমুখি অবস্থান নিয়েছেন।
ঝালকাঠি শহরের এক কমিউনিটি সেন্টারে গতকাল মঙ্গলবার জেলা পূজা উদ্যাপন কমিটির পক্ষে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক সংবাদ সম্মেলন করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, ব্যবসায়ী তৌহিদুল ইসলাম দুয়ারি ও তাঁর ভগ্নিপতি মহসিন বাকলাই মন্দিরের ৮২ শতক জমি দখল করে মাছের ঘের তৈরি করেছেন। সংবাদ সম্মেলন করে মহসিন বাকলাই মিথ্যা অপপ্রচার করেছেন। সংবাদ সম্মেলনে জেলা পূজা উদ্যাপন কমিটি ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।
এদিকে, গত সোমবার মহসিন বাকলাই ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তাঁরা ২২ একর জমিতে মাছের ঘের তৈরি করছেন। চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক তাঁদের কাছে চাঁদা দাবি করেছেন। টাকা না পেয়ে চেয়ারম্যান পূজা উদ্যাপন কমিটিকে ব্যবহার করে মন্দির ভাঙার নাটক সাজিয়েছেন।
এ বিষয়ে সদর ওসি মো. তাজুল ইসলাম বলেন, মন্দির ভাঙার ঘটনায় পূজা উদ্যাপন কমিটি বা অন্য কেউ মামলা করেনি।
এর আগে শনিবার সংবাদ সম্মেলন করে পূজা উদ্যাপন কমিটি অভিযোগ করে, ব্যবসায়ী তৌহিদুল ইসলাম ও তাঁর ভগ্নিপতি মহসিন বাকলাই ১১ মে গভীর রাতে রানাপাশা গ্রামে মন্দির ভেঙে দেবোত্তর ৮২ শতক জমি দখল করে মাছের ঘের তৈরি করেছেন।