মন্দির সংস্কারের বরাদ্দে ব্যক্তিগত ঘর নির্মাণ!

বগুড়ার ধুনট আদিবাসী উন্নয়ন সংস্থার মন্দির সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া অর্থ দিয়ে এক গ্রামপুলিশ নিজ বাড়িতে পাকা ঘর নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের চৌকিবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি নারায়ণ চন্দ্র দাস ১৩ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০১২-১৩ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ধুনট উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থার মন্দির সংস্কার প্রকল্পে দুই কিস্তিতে মোট এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নের জন্য উপজেলা রিসোর্স কেন্দ্রের প্রশিক্ষককে সভাপতি ও চৌকিবাড়ী গ্রামের পুলিশ কার্তিক চন্দ্র দাসকে সদস্য করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। আগামী ২০ জুনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ রয়েছে। ইতিমধ্যেই ওই প্রকল্পের প্রথম কিস্তির ৫০ হাজার টাকা তোলা হয়েছে। চৌকিবাড়ী গ্রামের সর্বজনীন কালীমন্দিরের নির্ধারিত স্থানে মন্দির সংস্কার না করে কার্তিক চন্দ্র দাস ওই টাকা দিয়ে তাঁর নিজ বাড়িতে পাকা ঘর নির্মাণ করছেন।
কার্তিক চন্দ্র দাস বলেন, ‘কালীমন্দিরের নির্ধারিত জায়গায় গভীর গর্ত আছে। এ কারণে সরকারি অর্থ দিয়ে গ্রামের লোকজনের সঙ্গে সমঝোতা করে আমার ব্যক্তিগত জায়গায় মন্দিরের ঘর নির্মাণ করা হচ্ছে।’
মন্দির সংস্কার প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি রব্বেল আলী জানান, কার্তিক চন্দ্র দাস প্রতারণার মাধ্যমে মন্দিরের জায়গার পরিবর্তে ব্যক্তিগত জায়গায় মন্দির নির্মাণ করছেন। বিষয়টি জানার পর গত রোববার থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ওই দিন চৌকিবাড়ী গ্রামে গিয়ে দেখা যায়, কার্তিক চন্দ্রের নিয়োগ করা শ্রমিকেরা ঘর নির্মাণের কাজ করছেন।
ইউএনও হাফিজুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি মীমাংসা করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।