মন্দির সরাতে হুমকি দিয়ে উড়োচিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি মণিপুরি সম্প্রদায়ের পরিবারকে উড়োচিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে পরিবারটির সবাইকে ধর্মান্তরিত হতে এবং তাদের পারিবারিক মন্দিরটি গ্রাম থেকে সরিয়ে নিতে বলা হয়। একই সঙ্গে এসব কাজ না করে কোথাও কোনো অভিযোগ দিলে ‘চরম প্রতিশোধ’ নেওয়ার হুমকি দেওয়া হয়েছে ওই চিঠিতে।
কমলগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বালিগাঁও গ্রামের মণিপুরি সম্প্রদায়ের অনিল ঠাকুরের বাড়িতে গত রোববার সন্ধ্যায় চিঠিটি আসে। সাদা কাগজের ওপর হাতে লেখা ছিল, ‘মণিপুরি ঠাকুর পরিবারের মন্দিরটি এ গ্রাম থেকে সরিয়ে নিতে হবে। এ বাড়ির সবাইকে ধর্ম পরিবর্তন করতে হবে। এ বিষয়ে কোথাও কোনো অভিযোগ করলে বা পুলিশে খবর দিলে নির্যাতনসহ চরম প্রতিশোধ নেওয়া হবে।’
উত্তর বালিগাঁও গ্রামের মণিপুরি সম্প্রদায়ের নেতা মুক্তিযোদ্ধা আনন্দ সিংহ বলেন, উড়োচিঠি আসার পর মণিপুরি সম্প্রদায়ের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। তাই চিঠি পাওয়ার পরপরই বিষয়টি পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানানো হয়।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হক বলেন, অভিযোগ পেয়ে রোববার সন্ধ্যার পর তিনি উত্তর বালিগাঁও গ্রামের মণিপুরি এলাকা পরিদর্শন করেন। এ ছাড়া রাতে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলম ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল হাসান গ্রামটিতে যান। এরপর গ্রামের মণিপুরি সম্প্রদায়ের লোকজনের সঙ্গে বৈঠক করে তাঁদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়। হুমকির পরিপ্রেক্ষিতে রোববার রাত থেকেই ওই গ্রামে পুলিশের পাহারা বসানো হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি মো. বদরুল হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি উপজেলার সব মন্দির ও গির্জার নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এসব প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসানো হবে।