মন্দিরে আগুন: এক দিন পর মতবিনিময়
নোয়াখালীর সেনবাগে মন্দিরে আগুন দেওয়ার এক দিন পর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ প্রশাসন। গতকাল শনিবার সেনবাগ থানায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুর রশীদ। সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি আশুতোষ ভৌমিক প্রমুখ বক্তব্য দেন। সভায় উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৩২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় প্রতিটি মন্দির এলাকায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে সভাপতি ও মন্দির কমিটির সভাপতিকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করে মন্দিরসমূহের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সেনবাগের দক্ষিণ রাজারামপুর গ্রামের বাসিন্দা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা আশুতোষ ভৌমিকের বাড়ির মন্দিরে আগুন দেয় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।