মন্দিরে চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত যশোরেশ্বরীপুর কালীমন্দিরে চুরির রহস্য গত নয় দিনেও উদ্ঘাটন হয়নি। পুলিশ গ্রেপ্তার করতে পারেনি কাউকে। এতে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তাঁরা অবিলম্বে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার ও চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ব্যর্থ হলে আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন। মন্দিরের পুরোহিত দীলিপ মুখার্জি জানান, গত ২৮ ফেব্রুয়ারি রাতে মন্দিরের কষ্টিপাথরের তিনটি শিবলিঙ্গ, ১১টি নারায়ণ মূর্তি ও পিতল-কাঁসাসহ পূজার সামগ্রী চুরি গেছে। চোরেরা কালীমূর্তির বেদি ভাঙচুর করেছে। শ্যামনগর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণপদ মণ্ডল বলেন, ‘অবিলম্বে চুরি যাওয়া মূর্তি ও জিনিসপত্র উদ্ধার ও চোর চক্রকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে আমরা আন্দোলনের ডাক দেব।’শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, চুরির ঘটনায় মন্দিরের পুরোহিত কারও নাম উল্লেখ না করে একটি মামলা দায়ের করেছেন। চোর চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।