মন্দিরে দুর্বৃত্তদের হামলা, ১১টি প্রতিমা ভাঙচুর, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি মন্দিরে গত বুধবার রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ১১টি প্রতিমা ভাঙচুর করে। এ সময় সাতজন আহত হয়। এ ছাড়া পাশের একটি প্রাথমিক বিদ্যালয় ও চায়ের দোকানেও ভাঙচুর করা হয়। এ ঘটনার প্রতিবাদে হিন্দু সমপ্রদায়ের লোকজন বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ করে।থানার পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় মাচারতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন কালীমন্দিরে শ্যামা কালী ও শীতলা পূজা চলছিল। স্থানীয় উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রেমানন্দ মধু এই পূজার আয়োজন করেন। এ সময় পার্শ্ববর্তী হিজলবাড়ী গ্রামের এমদাদ ও আরিফ নামে দুজন যুবক নগেন মধু নামে এক বৃদ্ধের চোখে টিপবাতি (টর্চলাইট) ধরেন। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে হিন্দু সমপ্রদায়ের লোকজনের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। এ ঘটনার পর গুজব ছড়িয়ে পড়ে যে আরিফকে হিন্দু সমপ্রদায়ের লোকজন আটকে রেখেছে। এতে উত্তেজিত ৫০-৬০ জন মুসলিম যুবক রাতেই মাচাতারা গ্রামে গিয়ে ওই মন্দিরে হামলা চালান। তাঁরা মন্দির ও মন্দিরে রাখা শ্যামা কালী, শীতলা, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশসহ ১১টি প্রতিমা ভাঙচুর করেন। এ সময় বাধা দিতে গিয়ে ওই যুবকদের হাতে আহত হন সাতজন। এ ছাড়া হামলাকারীরা মন্দিরের পাশে অবস্থিত মাচারতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারকক্ষের দরজা ভেঙে শিক্ষার্থীদের জন্য রাখা বিস্কুট (স্কুল ফিডিং) লুট করে। পাশের একটি চায়ের দোকানেও ভাঙচুর করা হয়।কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ওই রাত থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ মাঠে নেমেছে।