জয়পুরহাটের ঐতিহ্যবাহী বারো শিবালয় মন্দিরের ১৩টি শিবলিঙ্গ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আজ বুধবার পৌরসভার মন্দিরগুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে। কালো ব্যানার টানানো হবে। ধারণ করা হবে কালো ব্যাজ।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ ও বারো শিবালয় মন্দির কমিটির উদ্যোগে গত সোমবার সন্ধ্যায় এক সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ বলেন, শিবলিঙ্গগুলো ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং এ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি পালন শুরু হবে, চলবে ২২ জুন পর্যন্ত।
মন্দির কমিটির সহযুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বাজলা বলেন, ১০ দিন পার হলেও ওই ঘটনায় কারা জড়িত, কেন এই মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটল এবং অগ্নিসংযোগ করা হলো, এ বিষয়ে তাঁরা এখনো কিছুই জানতে পারছেন না।
মামলা ও মন্দির কমিটি সূত্রে জানা গেছে, ২৬ মে রাতে বারো শিবালয় মন্দিরে ঢুকে দুর্বৃত্তরা ১৩টি শিবলিঙ্গ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একটি গরুর মূর্তি ভাঙচুর করে। এ ঘটনায় ২৮ মে রাতেথানায় মামলা করা হয়।