শারদীয় দুর্গাপূজা সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার নির্বাচন করতে আগ্রহী প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। অনেকেই মন্দিরে মন্দিরে ফেস্টুন টানিয়ে নজর কাড়ার চেষ্টা করছেন।
গতকাল বুধবার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ধানগড়া পালপাড়ার হরিবাড়ি নাটমন্দির-সংলগ্ন শ্রীশ্রী জয়দুর্গা মন্দির, ধানগড়া পালপাড়ার তরুণ সংঘ জয়দুর্গা মন্দির ও ৮ নম্বর ওয়ার্ডের ঝাপড়া মহেশপুর কালাচাঁদ বিগ্রহ মন্দির-সংলগ্ন শ্রীশ্রী জয়দুর্গা মন্দির ঘুরে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে মন্দিরগুলোতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের আনাগোনা একটু বেশি। তাঁরা প্রতিদিনই যাচ্ছেন মন্দিরে। সবার খোঁজখবর নিচ্ছেন। কয়েকজন আবার ছবিসহ শারদীয় শুভেচ্ছা জানিয়ে ও দোয়া চেয়ে মন্দিরের বিভিন্ন জায়গায় ফেস্টুন টানিয়েছেন।
রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী মোশাররফ হোসেন সরকার, নূর সাঈদ সরকার, আবদুল্লাহ পাঠানসহ চারজন বলেন, প্রতিবছরই মন্দিরে মন্দিরে যেতে হয়। তবে এবার নির্বাচন হবে বলে বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে।
কাউন্সিলর প্রার্থী জাফর সরকার, নূরনবী সরকারসহ তিনজন বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের উৎসব হলেও অন্য ধর্মের বহু মানুষ এতে অংশ নেয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পালা করে মণ্ডপে মণ্ডপে ঘোরেন। তাঁদেরসহ সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে তাঁরা এ পথ বেছে নিয়েছেন।
ধানগড়া পালপাড়ার বাসিন্দা রমেন কর্মকার বলেন, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি এখানে ভালো। তাই সবাই মিলে উৎসব করে। নির্বাচনের এই মাত্রাটা আরও বেড়েছে বলে জানান তিনি।
রায়গঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি চন্দন কুমার সরকার বলেন, রায়গঞ্জ উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭৩টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। পৌরসভাসহ স্থানীয় সরকারের নির্বাচনের বছর হওয়ায় বিভিন্নজন নানাভাবে খোঁজ নিচ্ছেন বলে তিনি জানান।