মন্দিরে মন্দিরে পুলিশের নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানোর পর রাজধানীর রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রবেশের আগে শিশুদেরও নিজের নাম, ঠিকানা লিখতে হচ্ছে পুলিশের খাতায় l ছবি: হাসান রাজা
হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানোর পর রাজধানীর রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রবেশের আগে শিশুদেরও নিজের নাম, ঠিকানা লিখতে হচ্ছে পুলিশের খাতায় l ছবি: হাসান রাজা

রামকৃষ্ণ মিশনের ধর্মীয় গুরুকে হত্যার হুমকির পর রাজধানীর মন্দিরগুলো ঘিরে নিরাপত্তা পাহারা বাড়ানো হয়েছে। মন্দিরগুলোতে আসা লোকজনকে তল্লাশি করা হচ্ছে।
গতকাল রোববার বেলা পৌনে একটার দিকে গিয়ে দেখা যায়, পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের গলির মুখে চারজন পুলিশ ও মন্দিরের প্রধান ফটকে পুলিশ-আনসার মিলে তিনজন সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁরা মন্দিরে আসা লোকজনকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে ভেতরে ঢোকাচ্ছেন।
দায়িত্বরত পুলিশ সদস্য মাসুদুর রহমান বলেন, পুলিশ পালা করে ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তার দায়িত্ব পালন করে। মন্দিরের পুরোহিত বিজয় কৃষ্ণ গোস্বামী গতকাল প্রথম আলোকে, পুলিশ দুই পালায় দিনরাত মন্দিরের নিরাপত্তার দায়িত্ব পালন করছে। প্রয়োজনে তারা মন্দিরের ভেতরে এসে লোকজনকে পর্যবেক্ষণ ও তল্লাশি চালায়। তিনি বলেন, মন্দিরের নিরাপত্তা ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) দিয়ে পর্যবেক্ষণ করা হলেও মন্দিরে ঢোকার পথে আর্চওয়ে বসানো হয়নি।
কয়েকটি মন্দিরের পুরোহিতেরা বলেন, শঙ্কা মাথায় নিয়েই তাঁদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনায় নানা জায়গায় যেতে হচ্ছে। এ জন্য প্রয়োজন না পড়লে দিনে তাঁরা এখন আর বের হন না।
বাংলা একাডেমির পূর্ব পাশে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে পরপর আটটি মন্দির। বেলা দেড়টার দিকে মন্দিরগুলোর প্রধান ফটকের আগে দুজন আনসার সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়। পুরোহিত হরিচাঁদ চক্রবর্তী জানান, আগের চেয়ে মন্দিরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক দুজন আনসার সদস্য দায়িত্ব পালন করলেও সন্ধ্যা হওয়ার আগেই এক ভ্যান পুলিশ মন্দিরগুলোর সামনে অবস্থান নেয়। তাদের সঙ্গে যোগ দেয় র্যা ব। তারা ছয়টার পর উদ্যান এলাকায় কাউকে ঢুকতে দেয় না। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) ও এসবির কর্মকর্তারা এসে তাঁদের খোঁজখবর নেন।
গতকাল সকালে টিকাটুলীতে রামকৃষ্ণ মিশনের ফটকের ভেতরে-বাইরে পুলিশের অন্তত ২০ সদস্যের সশস্ত্র অবস্থান দেখা যায়। রামকৃষ্ণ মিশনে আসা লোকজনকে তল্লাশি করা হচ্ছে।
বংশালের কয়েকটি ছোট মন্দিরের সামনেও পুলিশের পাহারা দেখা যায়। অন্য এলাকাতেও মন্দিরের নিরাপত্তায় পুলিশ পাহারার খবর পাওয়া গেছে।
মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পুরান ঢাকার সূত্রাপুর, বংশাল, লালবাগ ও স্বামীবাগে ছোট মন্দিরের সংখ্যা বেশি। সব মন্দিরেই পুলিশের পাহারা বসানো হয়েছে। এসব মন্দিরে কোনো হুমকি নেই। ঢাকার বাইরে একের পর এক হামলার পর তারা এখন ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া প্রথম আলোকে বলেন, রাজধানীর মন্দিরগুলো কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসিয়ে নিরাপত্তা পর্যবেক্ষণ করা হচ্ছে। এ নিয়ে মন্দির কমিটির সঙ্গেও বৈঠক করা হয়েছে।