বগুড়ার ধুনটে আসন্ন পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা উপজেলার বিভিন্ন মন্দিরে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। এ ছাড়া তাঁরা উৎসব পালন করতে মন্দিরগুলোতে আর্থিকভাবে সহযোগিতাও করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলায় এ বছর ২৬টি মন্দিরে দুর্গাপূজা উদ্যাপন চলছে। এর মধ্যে পৌরসভা এলাকার কেন্দ্রীয় দুর্গামন্দির, সদরপাড়া, দাসপাড়া, সরকারপাড়া, কুঠিবাড়িসহ পাঁচটি মন্দিরে বড় আকারে উৎসবের আয়োজন চলছে।
গত বুধবার সন্ধ্যায় পৌরসভা এলাকায় সরেজমিনে দেখা যায়, দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে আগত উৎসব পালনকারীদের দৃষ্টি আকর্ষণ করতে আসন্ন পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা যে যাঁর মতো করে নিজেদের সমর্থন আদায়ে পূজামণ্ডপগুলোতে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। পাশাপাশি সবাই মন্দিরে প্রতিবছরের চেয়ে এ বছর আলাদাভাবে আর্থিক সহযোগিতা করছেন।
আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এবার প্রচারণায় নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী তারিক, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, সদস্য ও বর্তমান পৌরসভার মেয়র এ জি এম বাদশা এবং সদস্য ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল আমিন তরফদার। অন্যদিকে প্রচারণায় নেমেছেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলিমুদ্দিন হারুন মণ্ডল এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম।
এসব সম্ভাব্য মেয়র পদপ্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা প্রতিবছর দুর্গাপূজা উৎসবের সময় আর্থিক সাহায্য ও বিভিন্ন সহযোগিতা করে থাকেন। এ বছর পৌরসভা নির্বাচন সামনে রেখে তাঁরা একটু বাড়তি সহযোগিতা করছেন এবং সেই সঙ্গে নির্বাচনী প্রচারও চালাচ্ছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ধুনট সরকারপাড়া দুর্গাপূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সুধীর চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, প্রতিবছরের চেয়ে এ বছর দলের নেতা-কর্মীরা দুর্গা উৎসব পালন করতে অনেক বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ ছাড়া তাঁদের সঙ্গে উৎসবে শরিক হয়েছেন আসন্ন পৌরসভার নির্বাচনে অংশগ্রহণকারী সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা।