মন্দিরে মূর্তি ভাঙচুর তদন্তে কমিটি গঠন

রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল সোমবার দিবাগত রাতে চারটি পারিবারিক মন্দিরের মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া একটি মন্দিরের মূর্তি চুরি হয়ে গেছে। উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাঁচরন্দ গ্রামে এ ঘটনা ঘটে। এসব ঘটনায় আজ মঙ্গলবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।
আজ সকালে পুলিশ সুপার সালমা বেগম ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়ে ওই তদন্ত কমিটি গঠন করেন। তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রয়োজনে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জনগণের সম্পৃক্ততায় পাহারার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানায়, কাঁচরন্দ গ্রামের মন্টু কুমার শীল আজ ভোরে দেখেন তাঁর বাড়ির উঠানে শিবমূর্তি ভেঙে পড়ে আছে। উঠানের এক পাশে থাকা পারিবারিক মন্দিরের দুটি কালী ও শিবমূর্তিও ভাঙা। পরে তিনি খোঁজ নিয়ে দেখেন, পলান কর্মকার, পার্থ দাস, সমর শীল ও রতন কর্মকারের বাড়ির পারিবারিক মন্দিরের মূর্তিও রাতের অন্ধকারে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
রতন কর্মকার বলেন, প্রতিবছর তাঁরা পারিবারিক মন্দিরে পূজা অনুষ্ঠান করেন। গতকাল সন্ধ্যা থেকে বাড়িতে শিবপূজা অনুষ্ঠিত হচ্ছিল। আজ দুপুর থেকে কালীপূজা হওয়ার কথা ছিল। সকালে প্রতিবেশীদের ডাকে ঘুম থেকে উঠে দেখেন মন্দিরে থাকা শিবমূর্তিটি নেই। এখন নতুন মূর্তি দিয়ে পূজার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রতন কর্মকারের মা রানু বালা কর্মকার বলেন, ‘আমরা এখন আতঙ্কের মধ্যে আছি। আমাদের ঠাকুর নিয়ে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
আজ সকালে কাঁচরন্দ গ্রামে গিয়ে দেখা যায়, অধিকাংশ পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন পুলিশ সুপার সালমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) মো. আসাদুজ্জামান মিয়া, গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ গোয়ালন্দ উপজেলার সভাপতি নির্মল কুমার চক্রবর্তী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ।
নির্মল কুমার চক্রবর্তী বলেন, দুঃখজনক হলেও মূর্তি ভাঙচুরের ঘটনা এর আগে কখনো হয়নি। এটা সাম্প্রদায়িক কোনো ঘটনা নয়। এখানে সবাই শান্তিতে বসবাস করে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। সমাজে কিছু খারাপ লোক থাকেই। খারাপ লোকের শাস্তি হবে, এটাই স্বাভাবিক। সত্যিকারের দোষী ব্যক্তিদের খুঁজে বের করে তাঁদের শাস্তির আওতায় আনতে সংগঠনের পক্ষ থেকে তিনি প্রশাসনের কাছে অনুরোধ করেছেন।
পুলিশ সুপার সালমা বেগম বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। রাজবাড়ীতে সবার মধ্যে ঐক্য আছে, ভ্রাতৃত্ববোধ আছে। অপরাধী যে-ই হোক না কেন, তাকে অবশ্যই ধরা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’