মন্দিরে হামলার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার হালদারপাড়ায় একটি পারিবারিক মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে কামারখন্দ থানায় মামলা হয়েছে। পুলিশ সবুজ নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।

এজাহারের বিবরণ অনুসারে, হিন্দুধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা শেষে গত শনিবার সন্ধ্যায় ভদ্রঘাটের হালদারপাড়ার রাধাগোবিন্দ হালদারের পারিবারিক পূজার  প্রতিমা স্থানীয় করতোয়া নদীতে বিসর্জন দিতে যান পরিবারের লোকজন। যে নৌকায় বিসর্জন দেওয়া হচ্ছিল সেই নৌকাটিতে স্থানীয় অপু মিয়ার নেতৃত্বে বেশ কয়েকজন উঠতে চান। কিন্তু নৌকায় নারী থাকায় তাঁদের উঠতে দেওয়া হয়নি।

এ ঘটনায় তাঁরা ক্ষিপ্ত হয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দলবল নিয়ে রাধাগোবিন্দ হালদারের বাড়িতে হামলা চালিয়ে মন্দিরের ঘর ও একটি বসতঘর ভাঙচুর করেন। এ সময় মন্দিরে রক্ষিত প্রতিমাটি ভেঙে ফেলা হয়। পরিবারের সদস্যরা বাধা দিলে তাঁদের মারধর করা হয়। এতে পাঁচজন আহত হন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) সেলিম সাকলাইন জানান, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।