মন্দিরে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে ইসকন মন্দিরে হামলার এবং বিভিন্ন স্থানে কয়েকজন ভক্তকে হত্যার চেষ্টার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের নেতারা এ দাবি জানান।
রমনা কালীমন্দিরে অনুষ্ঠিত মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রবেশে বাধা, ভক্তদের ওপর হামলা, পুলিশি লাঠিপেটা, মহিলাদের শ্লীলতাহানি, কুষ্টিয়া, গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর, পটুয়াখালীতে হিন্দু পরিবার উচ্ছেদ, সুনামগঞ্জে নাবালিকা অপহরণ ও ধর্মান্তর, কান্তজির মন্দিরে বোমা হামলা, ফরিদপুর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারি আলোক সেন ও দিনাজপুর ইসকন মন্দিরে হামলার প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হিন্দু পরিবারগুলো নির্যাতনের শিকার হলেও বরাবরের মতো সরকার অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও শাস্তি দিতে ব্যর্থ হচ্ছে। এতে করে নির্যাতন কমছে না।
বক্তারা আরও বলেন, নির্বাচন এলেই হিন্দুরা নির্যাতিত হয়। জীবনের ঝুঁকি নিয়ে, ঘরবাড়ি হারিয়ে সাংসদ বানাই কিন্তু পরে তাঁরা আমাদের জীবন ও সম্পদ রক্ষায় কোনো কার্যকর ভূমিকা রাখেন না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের দীনবন্ধু রায়, রুপানুগ গৌর দাস, অধ্যাপক হিরণ বিশ্বাসসহ সংগঠনের নেতা-কর্মীরা।