মন্দিরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
মন্দিরের জায়গা দখল করে গাছ কাটার প্রতিবাদে গাইবান্ধা শহরের স্টেশন রোডের কাচারি বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে। গাইবান্ধা রামকৃষ্ণ আশ্রম ও মিশন মন্দির কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিৎ বকসী, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার পাল প্রমুখ।
বক্তারা বলেন, শহরের শচীন চাকী রোডে অবস্থিত গাইবান্ধা রামকৃষ্ণ আশ্রম ও মিশন মন্দিরসংলগ্ন গাইবান্ধা আদর্শ কলেজ। সম্প্রতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজুর রহমানের নির্দেশে জোরপূর্বক ওই মন্দিরের চার শতক জায়গা দখল করে নেওয়া হয়। শুধু তা-ই নয়, গত বুধবার বিকেল থেকে মন্দিরের ওই জায়গার তিনটি পুরোনো জীবিত আমগাছ কাটা হচ্ছে। অধ্যক্ষকে মৌখিকভাবে জানানোর পরও গাছ কাটা বন্ধ করা হয়নি।
বক্তারা আরও বলেন, অবিলম্বে মন্দিরের জায়গা ফেরত এবং গাছ কাটার জন্য অধ্যক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে জেলায় আসন্ন জন্মাষ্টমী ও শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠান বর্জন করা হবে।
গতকাল বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে মমতাজুর রহমান মন্দিরের জায়গা দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জায়গা কলেজের নামে। সম্প্রতি কলেজের নতুন ভবন নির্মাণের জন্য ১ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ভবন নির্মাণের জন্যই গাছ কাটা হচ্ছে। অথচ মন্দির কমিটি অহেতুক আন্দোলন করছে। বন বিভাগের অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, অনুমতি নেই ঠিক। কিন্তু কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গাছ কাটা হচ্ছে। পরে অনুমোদন নেওয়া হবে।