মন্দিরের চিলেকোঠা ভাঙায় মাছ বিক্রি বন্ধ ঘোষণা
ফরিদপুরের আলফাডাঙ্গা সদরে এ জেড পাইলট উচ্চবিদ্যালয়সংলগ্ন একটি মন্দিরের দোতলার চিলেকোঠা ভাঙাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য মাছ বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন মাছ ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।
মৎস্য ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, এ জেড পাইলট উচ্চবিদ্যালয়সংলগ্ন শত বছরের পুরোনো শ্রীশ্রী রক্ষাচণ্ডী সর্বজনীন মন্দিরটি মৎস্যজীবীরা পরিচালনা করেন। সম্প্রতি মন্দিরটি তিনতলায় উন্নীত করার উদ্যোগ নেয় উপজেলা মৎস্যজীবী সমিতি। নির্মাণকাজ শুরুর আগেই গত সোমবার সকালে মন্দিরের দ্বিতীয় তলার চিলেকোঠাটি ভেঙে ফেলা হয়।
মন্দির ব্যবস্থাপনা কমিটির সভাপতি গৌতম বিশ্বাস জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম নিজে উপস্থিত থেকে তাঁর লোকজন দিয়ে মন্দিরের চিলেকোঠা ভেঙে দেন। উপজেলা পূজা কমিটির সভাপতি ননী গোপাল ও সাধারণ সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস বলেন, ঘটনার বিচার না হওয়া পর্যন্ত বাজারে মাছ বিক্রি বন্ধ থাকবে।
আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস সালাম জানান, আলফাডাঙ্গা সদর বাজারে তিন শতাধিক মৎস্যজীবী আছে। মন্দিরের চিলেকোঠা ভাঙার পর তিন দিনেও সমাধান না পাওয়ায় তাঁরা ধর্মঘট করছেন।
মন্দিরের চিলেকোঠা ভাঙেননি দাবি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম বলেন, মন্দিরের ভেতরে বিদ্যালয়ের জমি আছে। এ জন্য তিনি কাজটি বন্ধ রাখতে বলেছিলেন। ইউএনও মোহাম্মদ আবুল খায়ের বলেন, ‘বিষয়টি শুনেছি। আগামী সোমবার উভয় পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করা হবে।’