মন্দিরের জমি দখলের চেষ্টা, বাধা দেওয়ায় হামলা, আহত ৪
পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী বন্দরের কালীমন্দিরের জমি দখলের চেষ্টা চালানোকালে বাধা দেওয়ায় শিশুসহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এরপর সব ধর্মের লোকজন মন্দিরের ভেতরে সভা করে জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন কার্তিক ঋষি দাস (৩৫), মিনতি রানী (৩৫), শিবু (১২) ও পরিমল (১০)। তাঁদের মধ্যে কার্তিক ঋষি দাসকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শিবু ও মিনতি রানীকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মন্দির কমিটির সভাপতি নিমাই ঋষি দাস জানান, ২ শতাংশ জমির ওপর ঋষিবাড়ির এই মন্দির ২০০ বছর আগে নির্মাণ করা হয়। বেশ কিছুদিন ধরে স্থানীয় হাবিব খান মন্দিরসংলগ্ন তাঁর জমিতে পাকা ভবন নির্মাণ করছিলেন। গতকাল সকাল নয়টার দিকে হাবিব খানের লোকজন মন্দিরের জমিতে ঢুকে মাটি কেটে নির্মাণাধীন পাকা ভবন সম্প্রসারণ করার উদ্যোগ নেন। এতে বাধা দেওয়ায় তাঁরা ঋষিবাড়ির লোকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। পরে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
উপজেলা মন্দির কমিটির সভাপতি কালাচান সাহা জানান, এ ঘটনার পর হিন্দু সম্প্রদায়ের মধ্যে যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে, সে জন্য সব ধর্মের মানুষকে নিয়ে সেখানে সম্প্রীতি সভার আয়োজন করা হয়।
এ ব্যাপারে হাবিব খান বলেন, ‘এই জমি নিয়ে আগে সালিসের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী আমি আমার জমিতে ভবন নির্মাণ করছি। পাশে একটি সরকারি জায়গা রয়েছে। আসলে সেটি নিয়েই মূল বিরোধ। তবে আমি কারও সঙ্গে বিরোধে জড়াতে চাই না।’ হামলার সম্পর্কে তিনি বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।
মির্জাগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।