মন্দিরের জায়গা থেকে দখলদারদের উচ্ছেদের দাবি
পঞ্চগড়ের বোদা উপজেলা সদরের একটি মন্দিরের জায়গা অবৈধভাবে দখলের প্রতিবাদ জানানো হয়েছে। গত বুধবার উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকজন জন্মাষ্টমীর উত্সব বর্জন করে পঞ্চগড় শহরে এসে বিক্ষোভ মিছিল করে। পরে পঞ্চগড় সদরে আয়োজিত এক সভায় তারা অবৈধ দখলদারদরে উচ্ছেদের দাবি জানায়।পঞ্চগড় জেলা মিলনায়তনে এ সভা হয়। সভায় উপস্থিত আন্দোলনকারীরা জানান, বোদা উপজেলা শহরের গোবিন্দ জিঁউ মন্দিরের জায়গায় অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ না হওয়ায় তাঁরা এ বছরের জন্মাষ্টমীর উত্সব বর্জন করেছেন। সেই সঙ্গে তাঁরা আসন্ন দুর্গাপূজাসহ সব পূজা-অর্চনা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ দত্ত অভিযোগ করে বলেন, গোবিন্দ জিঁউ মন্দিরের ৪৭ শতক জমির মধ্যে ২৮ শতক জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে রাখা হয়েছে।বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সারোয়ার আলম বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে একদল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন জেলা প্রশাসক। কিন্তু আদালতে এ ব্যাপারে একটি মামলা থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি স্থগিত রয়েছে।