মন্দিরের জায়গা দখল নিয়ে সংঘর্ষ
চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ এলাকায় গতকাল শনিবার দুপুরে মন্দিরের জায়গায় বাড়ি নির্মাণ নিয়ে একটি আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। জায়গাটির ব্যাপারে আদালতের স্থিতাবস্থা রয়েছে বলে জানা গেছে। সংঘর্ষে কমপক্ষে ২০ জন নারী ও পুরুষ আহত হন।গতকাল বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মন্দিরের সামনে রাস্তার ওপর বিভিন্ন বয়সের নারী-পুরুষ বসে আছেন। কেউ কেউ মন্দিরের পাশের ওই ভবনের সামনে পাহারায় রয়েছেন।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আরবান-আমেরিকান ডেভেলপার কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান ওই এলাকায় শ্রীশ্রীগৌরাঙ্গ বিগ্রহ মন্দিরের জায়গায় বহুতল ভবন তৈরি করছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ওই কোম্পানির শ তিনেক লোক এলাকায় জড়ো হতে থাকেন। তাঁরা জোর করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ চালানোর জন্য সেখানে অবস্থান নেন। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়। এ অবস্থায় গতকাল বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত ডেভেলপার কোম্পানির লোকজন ও এলাকাবাসীর সঙ্গে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। পরে দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।এ ব্যাপারে জানতে ডেভেলপার কোম্পানির জিইসি মোড় কার্যালয়ে ফোনে যোগাযোগ করা হলেও কেউ ফোন ধরেননি। শ্রীশ্রীগৌরাঙ্গ বিগ্রহ মন্দিরের সেবায়েত কমিটির সদস্য ও পাঁচলাইশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রিয়লাল গোস্বামী জানান, এটি মন্দিরের দেবোত্তর সম্পত্তি। তা ছাড়া জায়গার ব্যাপারে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ডেভেলপার কোম্পানির লোকজন হামলা চালিয়ে জোর করে নির্মাণকাজ চালাতে চান। তাঁরা পাঁচ অক্টোবর সকালেও এলাকায় পটকা ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন বলে তিনি অভিযোগ করেন।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘এসব বিষয়ে দালিলিক প্রমাণের প্রয়োজন আছে। শুধু মৌখিকভাবে জানালে চলে না। তার পরও আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফোর্স পাঠিয়েছি।’