মন্দিরের জায়গা দখল নিয়ে সংঘর্ষ, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের বোয়ালিয়ায় গত শুক্রবার বিকেলে মন্দিরের জায়গা দখল নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও দুপক্ষের মধ্যে সংঘর্ষে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার রাতেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে হিন্দু ধর্মাবলম্বীরা গতকাল শনিবার বিক্ষোভমিছিল ও প্রতিবাদসমাবেশ করেছেন। আগের দিন সন্ধ্যায় তাঁরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন।পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে বোয়ালিয়া শিবমন্দিরে হিন্দু ধর্মাবলম্বীরা পূজার্চনা করে আসছিলেন। কিন্তু ওই এলাকার এক প্রভাবশালী ব্যক্তি মন্দিরের ৫ শতাংশ জমির মালিকানা দাবি করেন। আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি হিসেবে শুক্রবার বিকেলে মন্দির সংস্কার ও মেরামত করতে গেলে লোকজনসহ ওই প্রভাবশালী ব্যক্তি বাধা দেন। তাঁরা মন্দিরের জায়গা দখলে নিয়ে চারপাশের দেয়াল ও টিনের চালা ভাঙচুর করে। এ সময় হিন্দু ধর্মাবলম্বীরা বাধা দেওয়ায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। বিকেল পাঁচটার দিকে গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাসসহ পুলিশ ঘটনাস্থলে হাজির হলে দখল করতে আসা লোকজন তাঁদের ওপর চড়াও হয় এবং হামলা চালায়। এ সময় ওসিসহ সাতজন আহত হন। পরে গাইবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় বোয়ালিয়া মন্দির কমিটির সদস্য দিনেশ চন্দ্র বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ তিনজনকে শুক্রবার রাতেই গ্রেপ্তার করে। তাঁরা হলেন বোয়ালিয়া গ্রামের আবদুল বারী, শামছু মিয়া ও সুজন মিয়া।