মন্দিরের পবিত্রতা নষ্ট করার দায়ে যুবকের কারাদণ্ড
মন্দিরের পবিত্রতা নষ্ট করার দায়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ড পাওয়া যুবকের নাম মিলার খান। তিনি উপজেলার সোনারায় ইউনিয়নের ফতেখা গ্রামের বাসিন্দা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাফা মোহাম্মদ আরিফ গতকাল সোমবার সন্ধ্যায় এ আদালত পরিচালনা করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গতকাল দুপুরে ফতেখা গ্রামের আবু জায়েদ খানের ছেলে মিলার খান শিবরাম ষষ্ঠীতলা দুর্গামন্দিরের বারান্দায় গরুর মাংস রাখেন। স্থানীয় লোকজন তা দেখে ফেলেন। একপর্যায়ে মন্দির কমিটির লোকজন মন্দিরের পবিত্রতা নষ্ট করার দায়ে মিলার খানকে আটক করে পুলিশে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিশেষ ধর্মীয় প্রতিষ্ঠানের অবমাননা ও অপবিত্র করার দায়ে মিলারকে এই সাজা দেওয়া হয়।
সুন্দরগঞ্জের ইউএনও মিলারকে দণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।