মন্দিরের সম্পত্তি দখলের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামে এবং গাংনী উপজেলার কাথুলি গ্রামে স্বামী নিগমানন্দ সরস্বতীর স্কুল, হাসপাতালসহ ৬০ একর জমি উদ্ধারে আন্দোলনে নেমেছেন আশ্রমের কয়েক শ ভক্ত ও এলাকাবাসী। গতকাল রোববার হরতালের মধ্যেই তাঁরা কুতুবপুর ও কাথুলি গ্রামে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন।আশ্রমের মহারাজ অখণ্ডানান্দ সরস্বতীর নেতৃত্বে মানববন্ধনে যোগ দেন কাথুলি ইউপি চেয়ারম্যান কাবুল হোসেন, পঙ্কজ কুমার বাগচী, কমল চন্দ্র চন্দ, নবকুমার দাস, মাধব চন্দ্র ভাস্কর ও সুধাংশ শেখর কর্মকার। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়। সভায় বক্তারা স্বামী নিগমানন্দ সরস্বতী ঠাকুরের সম্পত্তি অবৈধ দখলের তীব্র প্রতিবাদ জানিয়ে সম্পত্তি পুনরুদ্ধারে প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন।গাংনী উপজেলার কাথুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাবুল হোসেন জানান, স্বামী নিগমানন্দ সরস্বতীর সম্পত্তি দখলমুক্ত করা গেলে আবার সারা দেশ থেকে এই সম্প্রদায়ের ভক্তরা আশ্রমে ভিড় করবেন। এতে এলাকার নানামুখী উন্নয়ন হবে।আশ্রমের মহারাজ অখণ্ডানান্দ সরস্বতী জানান, ঠাকুরের অনেক ভক্ত নিজ অর্থে ঠাকুরের আশ্রমস্থান ঘিরে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সেবামূলক নানা প্রতিষ্ঠান স্থাপন করতে প্রস্তুত। সেই লক্ষ্যে অবৈধ দখলদারদের হাত থেকে ঠাকুরের সম্পত্তি দ্রুত উদ্ধারের দাবি জানান তিনি।