খুলনায় শ্রমিকনেতা ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মোদাচ্ছের হোসেনকে হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে বিএনপি। নগরের কেডি ঘোষ সড়কে খুলনা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত আড়াই বছরে মহানগরে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, তার নেপথ্যে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের মদদ রয়েছে। তিনি চিহ্নিত খুনিদের নিয়ে চলাফেরা করেন।নজরুল ইসলাম বলেন, গত ২৪ জুন খুলনার সিএসডি গুদামের শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনে বিএনপির নেতা মোদাচ্ছের হোসেন বিপুল ভোটে নির্বাচিত হন। পরের দিন হেরে যাওয়া প্রতিপক্ষ তাঁর ওপর হামলা চালায়। এ সময় মোদাচ্ছেরের সঙ্গে থাকা আবদুস সালাম নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন নিহত মোদাচ্ছের। ওই হত্যা মামলার নয় আসামি সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পান। ওই আসামিরা আবদুস সালাম হত্যা মামলায় সাক্ষী দিলে মোদাচ্ছেরকে খুন করার হুমকি দিয়ে আসছিলেন। ওই আসামিরাই মোদাচ্ছেরকে খুন করেছেন। আর ওই খুনিদের মদদ দিচ্ছেন প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, সহসভাপতি আবদুল বারী, মহানগর বিএনপির সহসভাপতি সাহারুজ্জামান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম, নিহত মোদাচ্ছেরের বড় ছেলে আরিফ হোসেন প্রমুখ।অভিযোগের জবাবে প্রতিক্রিয়া জানতে চাইলে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি খুনের রাজনীতি করি না। ভবিষ্যতে করারও ইচ্ছে নেই। বিএনপি সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য খুনের রাজনীতিতে নেমেছে। তারাই শ্রমিকনেতা মোদাচ্ছেরকে খুন করে উল্টো আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাচ্ছে।’বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের মহেশ্বরপাশা এলাকায় মহেশ্বরপাশা সরকারি খাদ্যগুদাম শ্রমিক ইউনিয়নের (সিবিএ) সভাপতি ও বিএনপির নেতা মোদাচ্ছের হোসেনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।দাফন: গতকাল সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শ্রমিকনেতা মোদাচ্ছেরের লাশ মহেশ্বরপাশায় তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বিপুলসংখ্যক নারী-পুরুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরে জুমার নামাজের পর ও বাদ আসর দুই দফা জানাজা শেষে মহেশ্বরপাশা কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে।