খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী থানা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র মনিরুজ্জামান খান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগ করেছেন।
গতকাল বুধবার সকালে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। মনিরুজ্জামান বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের পর থেকে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ানের কর্মী-সমর্থকেরা বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন ও ভয়ভীতি দেখাচ্ছেন। সংবাদ সম্মেলনে এই আসনের আরেকজন স্বতন্ত্র প্রার্থী সাহিদা বেগম মনিরুজ্জামানের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। অভিযোগের ব্যাপারে মন্নুজান সুফিয়ানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।