দ্য ডেইলি স্টারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোলটেবিল
মফস্বল ও জাতীয় দৈনিকগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে

স্থানীয় রাজনীতিক, পুলিশ, প্রশাসন ও সন্ত্রাসীদের দিক থেকে আসা নানামুখী চাপ আঞ্চলিক পর্যায়ের গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে প্রধান অন্তরায় বলে মনে করেন দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে প্রকাশিত মফস্বল সংবাদপত্রের সম্পাদকেরা। তাঁরা বলেন, অনিয়ম কিংবা দুর্নীতিসংক্রান্ত খবর পরিবেশনের ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকেরা প্রায়ই হত্যার হুমকি পান, লাঞ্ছনার শিকার হন। না হলে পত্রিকাগুলোয় বন্ধ করে দেওয়া হয় বিজ্ঞাপন, যা আঞ্চলিক সংবাদপত্রের আয়ের প্রধান উৎস।
গতকাল বৃহস্পতিবার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে সম্পাদকেরা এসব কথা বলেন। ‘চ্যালেঞ্জেস বিফোর রিজিওনাল অ্যান্ড ডিস্ট্রিক্ট নিউজপেপারস: প্রবলেমস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এ বৈঠকে বিভিন্ন জেলা থেকে প্রকাশিত আঞ্চলিক সংবাদপত্রের ২৫ জন সম্পাদকের পাশাপাশি তিনটি জাতীয় দৈনিকের সম্পাদকেরা অংশ নেন।
আলোচনায় প্রায় অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ঢাকা ও আঞ্চলিক পর্যায় থেকে প্রকাশিত সংবাদপত্রের সম্পাদকদের মধ্যে ঐক্য ও সমন্বয়ের ওপর জোর দেন আলোচকেরা।
এর আগে গত বুধবার রাজধানীতে ডেইলি স্টার-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে সততার সঙ্গে সাহসী সাংবাদিকতার জন্য দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে প্রকাশিত মফস্বল সংবাদপত্রের ২৫ জন সম্পাদক ও প্রকাশককে সম্মাননা দেওয়া হয়।
যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণ সম্পাদক ইকরাম-উদ-দৌলা বলেন, ‘সন্ত্রাসী, রাজনৈতিক নেতা কিংবা পুলিশের দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশের সঙ্গে সঙ্গে আমরা হুমকি পেতে থাকি। এ রকম নিরাপত্তাহীনতার মধ্যেই আমাদের বাস করতে হয়।’
চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের মতে, জাতীয় আর আঞ্চলিক সংবাদপত্রগুলোর বাধাবিপত্তি এক রকম নয়। তিনি বলেন, ‘পৌরসভার একজন বাসিন্দা হিসেবে আমি সেখানকার অনিয়ম নিয়ে কিছু লিখতে পারব না। তাহলে লিখবটা কী?’
দিনাজপুর থেকে প্রকাশিত একটি সংবাদপত্রের সম্পাদক স্মরণ করিয়ে দেন, ১৯৯৫ সালের ২৪ আগস্ট পুলিশের তিনজন সদস্য ইয়াসমিন নামের এক নারীকে ধর্ষণ ও নির্যাতনে হত্যা করলেও পুলিশের চাপের মুখে সেই সংবাদ স্থানীয় কোনো পত্রিকায় ছাপানো যায়নি। বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়া সম্পাদক ও প্রকাশক মো. মোজাম্মেল হক বলেন, একজন সাংবাদিককে খবরের পেছনের খবর বের করতে হবে। এ জন্য পত্রিকাগুলোকে যোগ্য সাংবাদিক নিয়োগ দিতে হবে।
সাংবাদিকদের ‘খামবন্দী সাংবাদিকতা’ ত্যাগ করার আহ্বান জানিয়ে ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন বলেন, পেশাগত দক্ষতার উৎকর্ষ ঘটিয়েই সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান বলেন, তৃণমূল পর্যায়ের সাংবাদিকতার যে চ্যালেঞ্জগুলো এখানে উঠে এসেছে, রাজধানীর সাংবাদিকেরাও কমবেশি একই চ্যালেঞ্জের মুখোমুখি হন। এরপরও সব বাধা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি মতিউর রহমান বলেন, ভবিষ্যতে পর্যায়ক্রমিকভাবে আঞ্চলিক সংবাদপত্রগুলোকে নোয়াবের সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
বৈঠকের সঞ্চালক দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম সাংবাদিকতার নানামুখী চাপ মোকাবিলায় মফস্বল সংবাদপত্র ও ঢাকাভিত্তিক জাতীয় দৈনিকগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন।