‘সাংবাদিকেরা বহুধাবিভক্ত হলে অধিকার আদায় করা যায় না, তোষামোদি করা যায়। নিজেদের দাবি-দাওয়া আদায়ের জন্য মফস্বল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।’ গতকাল শুক্রবার প্রয়াত সাংবাদিক ও ভাষাসৈনিক সফি উদ্দিন আহমেদ স্মরণে আয়োজিত আলোচনা ও স্মৃতিচারণা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।মফস্বল সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সাংবাদিক সমিতি সফি উদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে। সফি উদ্দিন আহমেদ ওই সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। তিনি সর্বশেষ দৈনিক বাংলার মুন্সিগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। সফি উদ্দিন আহমেদ সাংবাদিকতার পাশাপাশি বাম রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন।স্মৃতিচারণা অনুষ্ঠানে এবিএম মূসা বলেন, গ্রামীণ সাংবাদিকতা ও সাংবাদিকদের উন্নয়নে সফি উদ্দিন আহমেদের অবদান অসামান্য। তিনি মফস্বল সংবাদদাতাদের অধিকার রক্ষার জন্য গড়ে তুলেছিলেন ‘বাংলাদেশ সাংবাদিক সমিতি।’ প্রবীণ সাংবাদিক আতাউস সামাদ সফি উদ্দিনের সঙ্গে তাঁর বিভিন্ন স্মৃতিচারণা করে বলেন, জীবদ্দশায় তাঁর যথাযথ মূল্যায়ন হয়নি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সহসভাপতি সালেকুজ্জামান। অন্যান্যের মধ্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আমিরুল ইসলাম কাগজী, সফি উদ্দিন আহমেদের ছেলে সাইফুল আজাদ, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ স্মৃতিচারণা করেন। অনুষ্ঠানে মফস্বল সাংবাদিকদেরও ওয়েজ বোর্ডের আওতায় বেতন-ভাতা দেওয়ার দাবি জানানো হয়।