মফস্বলে চিকিৎসকদের অনুপস্থিতি নিয়ে তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকদের মফস্বলের কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে সাংসদদের তোপের মুখে পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। প্রশ্নোত্তর পর্বে তাঁরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।বিকেল সাড়ে পাঁচটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এরপর প্রশ্নোত্তর শুরু হয়। দ্বাদশ অধিবেশনেও সাংসদেরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।প্রশ্ন করতে গিয়ে সরকারি দলের মনজুর কাদের কোরেশী বলেন, নেত্রকোনা জেলার আটপাড়ার চিকিৎসক এলাকায় থাকেন না। নওগাঁ জেলায়ও একই অবস্থা বলে অভিযোগ করেন শাহীন মনোয়ারা হক। তিনি তাঁর এলাকায় নারীদের সুচিকিৎসার জন্য নারী চিকিৎসক দেওয়ার দাবি জানান।জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকার বাইরে পদায়ন করা চিকিৎসকদের তাঁদের কর্মস্থলে নিয়মিত অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। কর্তব্যে অবহেলার কারণে এ পর্যন্ত ২০০-এর বেশি চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ২৪ জনকে। কর্মস্থলে উপস্থিত না থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে ভবিষ্যতেও চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, গ্রামের নারীরা নারী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু নারী চিকিৎসকেরা গ্রামে থাকতে চান না। পদায়ন করা হলেও নানা অজুহাতে তাঁরা ঢাকায় চলে আসেন। এটা ঠিক যে মফস্বলের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় জনবল দেওয়া সম্ভব হয় না। সে জন্যই কিছু অব্যবস্থাপনা হয়।সরকারি দলের বীর বাহাদুর উশৈ সিং বলেন, পার্বত্য চট্টগ্রামে নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তারা পাহাড়ে থাকার ভাতা পান। চিকিৎসকেরা সেখানে যান না। কিন্তু বেতনের পাশাপাশি পাহাড়ে থাকার ভাতা নেন। সেখানে এমনই অবস্থা যে চিকিৎসক অসুস্থ হলে তাঁর চিকিৎসা করার জন্য চিকিৎসকও পাওয়া যায় না। একই দলের অপু উকিল বলেন, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা দিন দিন বাড়ছে।জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাহাড়ে নিয়োগ পাওয়া চিকিৎসকেরা কর্মস্থলে না গিয়ে ভাতা নিয়ে থাকেন কি না, সে সম্পর্কে তাঁর জানা নেই। বিষয়টি যাচাই করে দেখা হবে। তিনি বলেন, বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরির ঘটনা মায়েদের জন্য বেদনাদায়ক। চুরি রোধে হাসপাতালগুলোতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে।আবদুল মতিন খসরু প্রশ্ন করতে গিয়ে বলেন, রাজধানীর অ্যাপোলো হাসপাতালে রোগীর পেটে কাপড় রেখে সেলাই করা হয়েছে। দুই বছর ধরে সেই রোগী অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করেছেন। এই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না? জবাবে মন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব দেশের চিকিৎসকেরাই ভুল করেন। এ সময় সাংসদেরা মৃদুস্বরে তাঁর বক্তব্যের প্রতিবাদ জানান। মন্ত্রী আরও বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।৪৭ নৌপথ প্রায় মৃত: সরকারি দলের সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, সারা দেশের ৪৭টি নৌপথ বন্ধ হওয়ার উপক্রম ও আংশিক মৃত অবস্থায় রয়েছে। নাব্যতার অভাবে নৌপথগুলো মৃতপ্রায়। এসব নৌপথের নাব্যতা রক্ষায় খনন করার পরিকল্পনা রয়েছে।