মফস্বলে চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর বারবার হুঁশিয়ারির পরও গ্রামাঞ্চলে চিকিৎসকদের নিয়োগ ও উপস্থিতির সংকট থেকেই যাচ্ছে। গ্রামাঞ্চলের কিছু চিকিৎসক নানা কৌশলে শহরাঞ্চলে বদলির পাশাপাশি ছুটি ছাড়াই অনুপস্থিত থাকেন বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী সিভিল সার্জনদের কাছে পাঠানো এক চিঠিতে গ্রামে নিয়োগ পাওয়া চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।গত ২৯ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘জেলা এবং উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে অননুমোদিত অনুপস্থিতির বিষয়ে গণমাধ্যমে প্রায়ই প্রতিবেদন হচ্ছে। অন্যদিকে সাংসদেরা প্রায়ই নিজ নিজ এলাকায় চিকিৎসা সংকট ও চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়ে অভিযোগ করেন।’চিঠিতে মন্ত্রী এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে ওয়েব বেইজড রিপোর্টিংয়ের অনুরোধ করেন। সিভিল সার্জনেরা এ ধরনের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মো. আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘কিছু কিছু চিকিৎসকের অনুপস্থিত থাকার প্রবণতা আছে। আমরা আকস্মিক পরিদর্শন ও শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করছি। গত মাসে আকস্মিক পরিদর্শনে গিয়ে চন্দনাইশ, রাঙ্গুনিয়া ও সাতকানিয়ায় কিছু চিকিৎসককে অনুপস্থিত পাওয়া গেছে।’ জানা গেছে, গত ২১ এপ্রিল সিভিল সার্জনের কার্যালয়ের একটি দল চন্দনাইশ ও সাতকানিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আকস্মিক পরিদর্শনে যায়। এ সময় দোহাজারি ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে তিনজন চিকিৎসকসহ পাঁচ কর্মকর্তা অনুপস্থিত ছিলেন। একই দিন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্ট মো. হাবিবুর রহমানকে কর্মস্থলে পাওয়া যায়নি। পরে তাঁকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।’ এদিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত মঙ্গলবার নয়জন চিকিৎসকের মধ্যে পাঁচজনই অনুপস্থিত ছিলেন। কুমিল্লা জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. আনোয়ারুল আজিম বলেন, ‘আমি গত মঙ্গলবার ব্রাহ্মণপাড়ায় আকস্মিক পরিদর্শনে গিয়ে দেখি নয়জনের পাঁচজনই নেই। তাঁদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে।’স্বাস্থ্যমন্ত্রীর চিঠি পাওয়ার কথা স্বীকার করে সিভিল সার্জন বলেন, ‘প্রধানমন্ত্রী বারবার গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিত করতে বলছেন। অথচ চিকিৎসকেরা থাকবেন না, সেটা হবে না। তাই স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে আমরা এখন থেকে উপস্থিতির ওয়েবপেইজ রিপোর্টিং করার প্রক্রিয়া শুরু করেছি।’গত ১৮ এপ্রিল রাঙ্গুনিয়ায় ১৩ জন চিকিৎসকের অনুপস্থিত থাকার প্রমাণ পাওয়ার পর তাঁদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। এর আগে ১৬ এপ্রিল সকাল সোয়া নয়টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) পটিয়া বড় উঠান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র আকস্মিক পরিদর্শনে গিয়ে সেটি তালাবদ্ধ দেখতে পান।