
এক দশক আগেও শিক্ষার্থীদের খারাপ ফলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তিরস্কার শুনতে হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকদের বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধের হুমকিও এসেছিল। আর সেই বিদ্যালয় থেকেই ২০১২ সালে ১৪ জন ট্যালেন্টপুল ও ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পায়।
উপজেলার সেরা বিদ্যালয়টি ৫ মার্চ দেশের শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ বিদ্যালয়কে পদক দেবেন। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের এই বিদ্যালয়ের নাম দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৩ সালে। দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক এ এ এম এমদাদুল হক বিদ্যালয়ের জায়গায় এর প্রতিষ্ঠা করেন।
বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী ২০০৪ সালে এ বিদ্যালয়ে যোগদানের পর পাল্টে যায় শিক্ষা থেকে শুরু করে সহশিক্ষা কার্যক্রম।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগে স্নাতকোত্তর ছিদ্দিক বিসিএসসহ ভালো চাকরির জন্য নানা চেষ্টা করে ব্যর্থ হন। ক্ষোভে চাকরির কথা মাথা থেকে ঝেড়ে ফেলে আদর্শ কৃষক হওয়ার জন্য তৈরি হন। পরে বাবার কথায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেন। ২০০৩ সালে প্রধান শিক্ষক হিসেবে উপজেলার বোরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। পরে তিনি ২০০৪ সালে এ বিদ্যালয়ে আসেন। তখন বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৪০০ জন, এখন এক হাজার ১২১ জন। প্রাক্-প্রাথমিক শ্রেণী ছাড়া বাকি পাঁচটি শ্রেণীর তিনটি শাখা রয়েছে। শিক্ষক রয়েছেন ১৫ জন।
গত বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে গেলে নূরে আলম ছিদ্দিকী বলেন, ‘বাবার কথা রক্ষা করতে এই পেশায় যোগ দিই। বাবার ইচ্ছা ছিল যে পেশায় কাজ করি না কেন, তাতে নিজের চেষ্টার যেন কমতি না থাকে। শিশুদের মাঝে বেঁচে থাকার জন্য বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এতটুকু সাফল্য পেয়েছি।’
শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় বাছাই করার জন্য সমাপনী পরীক্ষায় গড় পাসের হার (তিন বছরের), উপস্থিতির গড় হার (পাঁচ বছর), ঝরে পড়ার হার ইত্যাদিসহ ১৮টি মান নির্ণায়ক আছে। এসব বিষয় বিশ্লেষণের জন্য উপজেলা পর্যায়ে ইউএনও থেকে জাতীয় পর্যায়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে বাছাই কমিটি কাজ করে। এর আগে গত দুবার এই বিদ্যালয় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছিল।
শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার সংবাদে খুশি উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল গণি মণ্ডল। গণি মণ্ডল বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অক্লান্ত পরিশ্রমেরই এই ফসল। আমরা ওই বিদ্যালয়কে নিয়ে গর্ব করি।’
নানা উদ্যোগ: শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়ানোর জন্য বিদ্যালয়ের পরিবেশ আকর্ষণীয় করার ব্যবস্থা নেন তিনি। প্রতিটি শ্রেণীকক্ষের নাম বীরশ্রেষ্ঠ ও মনীষীদের নামে নামকরণ করা হয়। শ্রেণীকক্ষে ঝোলানো হয় মনীষীদের ছবি। বিদ্যালয়ের দেয়ালজুড়ে জাতীয় প্রতীক ও বর্ণমালার ছবি আঁকা।
প্রতি সপ্তাহে রয়েছে বিষয়ভিত্তিক ক্লাস পরীক্ষার ব্যবস্থা। প্রতিবছর অভিভাবকদের ডেকে জানানো হয় ফলাফল।
শিক্ষার্থীদের যুগোপযোগী ও প্রাণবন্ত পাঠদান করানোর জন্য শিক্ষকেরা নানা শিক্ষা উপকরণ ব্যবহার করেন। যেমন, পাঠসংশ্লিষ্ট ছবিগুলো নিজেরা এঁকে বা শিক্ষার্থীদের দিয়ে আঁকিয়ে নেন। বইয়ের ছবি নিজেরা তৈরি করে বিস্মিত হয় শিশুরা। বিদ্যালয়ে সাজানো আছে মাটির তৈরি বিভিন্ন প্রাণী, তৈজস। এসবই শিক্ষার্থীদের তৈরি, পাঠেরও অংশ। বিদ্যালয়ে পাঠদান চালানো হয় মাল্টিমিডিয়ার মাধ্যমে।
মাইকের মাধ্যমে পরিচালিত হয় সমাবেশ। সমাবেশ শেষে ওই দিন কোনো শিক্ষার্থীর জন্মদিন থাকলে তাকে বিজয়স্তম্ভে দাঁড়িয়ে রেখে সমস্বরে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। শারীরিক কসরতের মাধ্যমে শুভেচ্ছাও জানানো হয়।
নূরে আলম বলছিলেন, প্রতিদিন ছুটির পর বিদ্যালয়ে বসে নতুন নতুন কৌশল বের করি, কীভাবে বিদ্যালয়কে অন্য আর দশটি বিদ্যালয় থেকে পৃথকভাবে উপস্থাপন করা যায়।
এই পৃথক করার আরেক কৌশল হিসেবে শিক্ষকদের নৈমিত্তিক ছুটি কমানোর জন্য বছরে পুরস্কারের ব্যবস্থা রয়েছে। ফলে বিদ্যালয়ের শিক্ষকদের নৈমিত্তিক ছুটি নেওয়ার গড় খুবই কম। বিদ্যালয়ের শিক্ষক নাহিদ জোয়ারদার বলেন, ‘হেড স্যারের পরিশ্রমের কথা ভেবেই আমরা সহজে নৈমিত্তিক ছুটি নিই না।’
প্রতিদিনের বিদ্যালয়ের নিয়মিত পাঠদানের পরও বিকেলে এবং ছুটির দিন অতিরিক্ত ক্লাস নেন শিক্ষকেরা। এতে দুর্বল ও মেধাবী শিক্ষার্থীদের আলাদা করে ক্লাস করানো হয়। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ফারিহা ফিরোজের বাবা আবু নাছের মো. ফিরোজ জামান বলেন, ‘আগে আমার মেয়ে বাড়িতে বই খুলত না। স্যাররা অতিরিক্ত ক্লাস করানোয় এখন সে মোটামুটি নিয়মিত পড়াশোনা করে।’
২০০৩ সাল পর্যন্ত বৃত্তির ফলাফল ছিল শূন্য। পঞ্চম শ্রেণীর পাসের হার ছিল ২৫ থেকে ৩৫ ভাগ। ২০০৪ সালে পাসের হার ছিল শত ভাগ এবং ছয়জন শিক্ষার্থী বৃত্তি পায়। ২০১০ সমাপনীতে শতভাগ পাসের পাশাপাশি বৃত্তি পেয়েছিল ১৮ জন। শতভাগ পাসের এ ধারা গত বছর পর্যন্ত অব্যাহত আছে।
ঝরে পড়া রোধে প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবকের মুঠোফোন রাখা হয়। কোনো শিক্ষার্থী টানা কয়েক দিন ক্লাসে না এলে তার বাড়ি যান শিক্ষকেরা। প্রতি তিন মাসে একবার করেন উঠান বৈঠক। সেই সঙ্গে বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘স্টুডেন্ট ব্রিগেড’ নামের একটি দল আছে। তারা বাড়িতে গিয়ে শিক্ষার্থীকে বিদ্যালয়ে নিয়ে আসে। এখন বিদ্যালয়ে ঝরে পড়ার হার নেই বললেই চলে।
শিক্ষার্থীরাই যখন পরিচালনায়: বিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে শিক্ষকদের সহযোগিতা করার জন্য শিক্ষার্থীদের নিয়ে ‘স্টুডেন্ট কাউন্সিল’ গঠন করা আছে। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে প্রতিবছর এটি গঠন করা হয়ে থাকে।
স্বাস্থ্য ও চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রতিটি শাখায় তিনজন শিক্ষার্থী নিয়ে ‘খুদে চিকিৎসক’ নামের দল আছে। সেই দলটি পরিচালনা করেন একজন শিক্ষক। সেখানে খাদ্য ও পুষ্টি সম্পর্কে পাঠদানের পাশাপাশি দাঁত ও নখ পরিষ্কার রাখার তাগিদ দেওয়া হয়। প্রতি মাসে প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের হাত ধোয়ার নিয়মকানুন হাতে-কলমে শেখানো হয়। অভিভাবক আবদুল মতিন সরদার বলেন, ‘আমার ছেলে পঞ্চম শ্রেণীতে পড়ে। আগে ও ঠিকমতো নিজের দাঁতই ব্রাশ করত না। এখন নিয়মিত দাঁত ব্রাশ করে। আবার ওর মাকে খাবারের পর ব্রাশ করার জন্য বলে।’
বিদ্যালয়ের নির্ধারিত পোশাকের পাশাপাশি নামসংবলিত ব্যাচ, টাই ও কেডস পরে শিক্ষার্থীরা। শিক্ষকেরাও নির্ধারিত পোশাক পরে আসেন। পোশাক কিনতে অসামর্থ্যদের শিক্ষকেরা চাঁদা তুলে পোশাক কিনে দেন। প্রধান শিক্ষক জানান, এ বছর ১৬ জন শিক্ষার্থীর পোশাকের ব্যবস্থা বিদ্যালয় থেকে করা হয়েছে।
শিক্ষার মান বাড়াতে প্রত্যেক শিক্ষার্থীকে মায়েদের নিয়ে নিয়মিত সমাবেশ করা হয়। অভিভাবকদের একজন পলি রানী কুণ্ডু বলেন, ‘প্রধান শিক্ষক মা সমাবেশ করে আমাদের সমস্যার কথা নোট করে সে মোতাবেক ব্যবস্থা নেন।’
সহশিক্ষায় সাফল্য: ২০১০ সালে এ বিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসমিন জাহান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক আনে। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত ২৫ জন শিক্ষার্থী শাপলা অ্যাওয়ার্ড পায়। প্রধানমন্ত্রী তাদের ব্যাচ পরিয়ে দেন। বিদ্যালয়ে কাব স্কাউটদের দুটি দল আছে।
২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত শিক্ষার্থীরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভাগীয় পর্যায়ে তিনটি বিভাগে প্রথম এবং ২০১০ সালে জাতীয় পর্যায়ে একজন প্রথম এবং ২০১৩ সালে একজন তৃতীয় হয়। ২০০৭ সালে এ বিদ্যালয়ের শিক্ষার্থী আফরিদা তাসনীম গণিত অলিম্পিয়াডে বিভাগীয় পর্যায়ে রানারআপ হয়।
দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্য বিদ্যালয়গুলোর অনুপ্রেরণা—বলছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুল হক। তিনি বলেন, ‘অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ওই বিদ্যালয়ের অনুকরণে চলার তাগিদ দিই।’