মফিজের শেষ অবলম্বন ছেলে শাজাহানও গেল
অবরোধ চলাকালে ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়ে নিহত শাজাহানের পরিবার এখন শোকে স্তব্ধ। গৌরীপুর উপজেলায় গত ২১ ডিসেম্বর বোমায় দগ্ধ শাজাহান গত শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শুক্রবার দুপুরে মারা যান।
শাজাহান জেলা শহরে একটি রেস্তোরাঁর কর্মচারী ছিলেন। ২১ ডিসেম্বর তিনি ময়মনসিংহের আন্তজেলা বাস টার্মিনাল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে গৌরীপুর-রামপুর সড়কের বীর আহমদপুর নামক স্থানে বোমা হামলায় দগ্ধ হন তিনি।
গতকাল শনিবার সকালে শাজাহানের গ্রামের বাড়ি গিয়ে দেখা যায়, ছেলের লাশের পাশে বসে কাঁদছেন মা বুলবুল বেগম ও ছোট বোন আছমা। শাজাহানের ছেলে হায়দার (৬) ও মেয়ে শারমিন (৩) বাবার কফিনের পাশে নির্বাক দাঁড়িয়ে। তারা বুঝতে পারছে না, বাবা আর ফিরবে না। স্বামীর মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে গেছেন স্ত্রী রোখসানা আক্তার। তবে মাঝেমধ্যে ডুকরে কেঁদে উঠে বলছেন, ‘আমার স্বামীরে ফিরাইয়্যা দেও।’
মা বুলবুল বেগম ছেলেকে হাসপাতালে ভর্তির পর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাঁর পাশেই ছিলেন। শোকে তিনি স্তব্ধ হয়ে গেছেন। তিনি কোনো কথাই বলতে পারেননি।
কান্নাজড়িত কণ্ঠে শাজাহানের শয্যাশায়ী বাবা মফিজ উদ্দিন জানান, চার বছর আগে তাঁর ছোট ছেলে সঞ্জু মিয়া ক্যানসারে মারা যায়। শেষ অবলম্বন ছিল বড় ছেলে। এবার সে-ও মারা গেল। এভাবে ছেলের মৃত্যু তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ছেলেকে জীবিত অবস্থায় শেষবারের মতো দেখতে না পারার কষ্টের কথা জানিয়েও আক্ষেপ করছিলেন তিনি। শাজাহানের করুণ মৃত্যুতে পরিবারের সদস্যদের মতোই শোকে-ক্ষোভে স্তব্ধ গ্রামবাসীও।
মাওহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর মোহামঞ্চদ বলেন, শাজাহান ছিল গ্রামের নিরীহ ছেলে। বোমা হামলায় তাঁর মৃত্যু মানতে পারছে না গ্রামের মানুষ।