মমতা আসছেন কাল, ৫৬ মৎস্যজীবীর মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

৩৮ জন সফরসঙ্গীর বিশাল বহর নিয়ে আগামীকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় আসছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসেবে এটাই তাঁর প্রথম বাংলাদেশ সফর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সফরের আগেই পশ্চিমবঙ্গের কারাগারে বন্দী বাংলাদেশি মৎস্যজীবীদের মুক্তি দিলেন মমতা।
এর আগে মমতা বাংলাদেশে এসেছিলেন ১৯৯৮ সালে যুব উৎসবে যোগ দিতে।
মুখ্যমন্ত্রী মমতা যদি হন এই সফরের প্রথম চমক, অন্য চমক তাহলে তাঁর সফরসঙ্গীরা। আছেন বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনকন্যা মুনমুন সেন। আছেন নায়ক প্রসেনজিৎ, দেব। চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের পাশাপাশি আছেন কল্যাণী কাজি, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও গায়ক নচিকেতা। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ছাড়া রয়েছেন অভিনেতা-পরিচালক অরিন্দম শীল, গায়ক ইন্দ্রনীল সেন ও চিত্রনির্মাতা ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মোহতা।
বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা দেখা করবেন শুক্রবার। যাবেন ধানমন্ডির বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িটিতে। ইচ্ছে রয়েছে সাবেক রাষ্ট্রপতি এরশাদের সঙ্গে দেখা করার। দেখা করার উদ্দেশ্য নিয়ে মমতা প্রথম আলোকে বলেছিলেন, ‘এরশাদ সাহেব একবার আমার বাড়িতে এসেছিলেন, সেই জন্য।’
পশ্চিমবঙ্গের কারাগারে থাকা ১১১ জন বাংলাদেশি মৎস্যজীবীর মধ্যে ৫৬ জন মুক্তি পেয়েছেন গত সোমবার। গতকাল মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে ফোনে মৎস্যজীবীদের মুক্তির খবর প্রথম আলোকে জানিয়ে মমতা বলেন, ‘ওঁদের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। খারাপ আবহাওয়ায় বুঝতে না পেরে ভারতে চলে এসেছিলেন। ঘরের মানুষ এবার ঘরে ফিরে যাবেন।’
বাকি ৫৫ জন আজ বুধবারের মধ্যেই মুক্তি পাচ্ছেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী ঢাকা সফর শুরুর আগেই সবাই ঘরে ফিরতে পারবেন বলে মনে করা হচ্ছে।