মমতাকে তিস্তা চুক্তি ফের বিবেচনার আহ্বান দীপু মনির
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়টি পুনরায় বিবেচনার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) সঙ্গে আলাপকালে এ কথা বলেন। টিওআইকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেকোনো সময়ের চেয়ে ভালো। তবে দেশ দুটি তিস্তা নদীর পানি বণ্টনের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে এই ‘সম্পর্ক’ ব্যাহত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওই চুক্তি সম্পাদনের ক্ষেত্রে একটি “ছোট জানালা” রয়েছে এবং এ ব্যাপারে আপত্তির বিষয়টি পুনরায় বিবেচনার জন্য আমি মমতার প্রতি আহ্বান জানাচ্ছি।’গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা সফর করেন। তাঁর সঙ্গে মমতার আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তিস্তা চুক্তি নিয়ে মতবিরোধের কারণে তা বাতিল করা হয়। এ সময় মমতা বলেন, বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি হলে পশ্চিমবঙ্গের স্বার্থ ক্ষুণ্ন হবে।তবে নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশের একজন কর্মকর্তা বলেন, ওই চুক্তির বিষয়ে মমতার সঙ্গে পরামর্শ করা হয়নি মর্মে যে অভিযোগ তোলা হয়েছে, তা সঠিক নয়। বরং মমতা ওই চুক্তির বিষয়ে প্রথমে আগ্রহী থাকলেও পরে মত পাল্টান।