
তিস্তায় পানি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রস্তাবের জবাবে আরেকটি বিকল্প প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি তাঁকে (মমতা) বলেছি, ওই তিন নদী থেকে পানি আপনি তিস্তায় আনুন। আমাদের তিস্তার পানি দেন।’
গতকাল মঙ্গলবার গণভবনে ভারত সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা জানান। এর আগে ৮ এপ্রিল ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার
বদলে তোর্সা, ধানসিঁড়ি ও মানসিঁড়ি নদীর পানি দেওয়ার বিকল্প প্রস্তাব দিয়েছিলেন। তবে গতকালের সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এও বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিস্তা চুক্তি হবেই। তাঁর কথায় আস্থা রেখে ধৈর্য ধরতে পারি।’
ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারক প্রকাশ করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এগুলো নিয়ে লুকোছাপার কোনো কারণ নেই। গণমাধ্যমে এসেছে। কিছু চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে।
প্রধানমন্ত্রী ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এই বক্তব্যের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘এর মানে কি এই, আমি দেশ ধামায় করে নিয়ে সেখানে ফেরি করে বিক্রি করেছি।’ তিনি বলেন, তাঁর দ্বারা দেশের স্বার্থ নষ্ট হয় এমন কোনো কিছু হবে না। তিনি বন্ধুপ্রতিম ও মুক্তিযুদ্ধের সহায়তাকারী ভারতের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা স্মারক সই করেছেন। সমঝোতা স্মারক মানার ক্ষেত্রে আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। অথচ বিএনপির সময় স্বাধীনতার বিরোধিতাকারী দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হয়েছে।
প্রায় দেড় ঘণ্টার সংবাদ সম্মেলনের শুরুতে শেখ হাসিনা ভারত সফরের বিভিন্ন দিক তুলে ধরে লিখিত বক্তব্য পড়েন।
এই সফরের তৃপ্তি-অতৃপ্তি কী—সাংবাদিকেরা জানতে চাইলে শেখ হাসিনা বলেন, ‘পুরোটাই তৃপ্তির। হতাশার কিছু নেই। আমি সেখানে কোনো কিছু চাইতে যাইনি। গিয়েছিলাম বন্ধুত্ব চাইতে, সেটা পেয়েছি।’ তিনি বলেন, এই সফরে চাওয়া-পাওয়ার কোনো ব্যাপার নেই। প্রতিবেশীর সঙ্গে সমস্যা থাকবে, তা সমাধানও করা যায়। ইতিমধ্যে সীমান্ত সমস্যার সমাধান, ছিটমহল বিনিময় হয়েছে। আইনি লড়াইয়ে সমুদ্র জয়ও হয়েছে। সব সমস্যারই শান্তিপূর্ণ সমাধান হয়েছে।
ভারত সফর নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যের প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘তাঁরা ঘ্যানর-ঘ্যানর করতে থাকবে। এগুলো নিয়ে বলার কিছু নেই। আমি চলি আমার আত্মবিশ্বাস নিয়ে।’ আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ ভারতের সঙ্গে চুক্তি করেছে—বিএনপির চেয়ারপারসনের এই অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী রসিকতা করে বলেন, ‘আরও পাঁচ বছর ক্ষমতায় থাকব। বিএনপি নেত্রীকে এটা বলার জন্য ধন্যবাদ। তাঁর এই বক্তব্য আমাদের ভোটারদের মধ্যে ভালো প্রভাব ফেলবে।’
আনুষ্ঠানিকভাবে চুক্তি প্রকাশিত হবে না
ভারতের সঙ্গে করা চুক্তি ও সমঝোতা স্মারক ওয়েবসাইট বা সংসদে প্রকাশ করা হবে কি না—এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এটা আর প্রকাশ করার কিছু নেই। চুক্তির অনেকগুলো মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। সংসদে উত্থাপনের প্রয়োজন নেই। সমঝোতা স্মারকের আইনি ভিত্তি না থাকায় সেগুলো মন্ত্রিসভায় আসেনি। চুক্তি বা সমঝোতা নিয়ে লুকোছাপার কোনো সুযোগ নেই। যে কেউ জানতে পারবে।
শেখ হাসিনা বলেন, ১৩টি দেশের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা আছে। চুক্তি আছে ছয়টি দেশের সঙ্গে। এটা নতুন কিছু নয়। বন্ধুপ্রতিম দেশের সঙ্গে এ ধরনের সমঝোতা বা চুক্তি থাকতে পারে। পাকিস্তানের কাছ থেকেও সরঞ্জাম কেনা হয়েছে।
ঘুরেফিরে তিস্তা প্রসঙ্গ
প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে তিনি কতটা আশাবাদী। উত্তরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অবস্থান ভাটিতে। বাংলাদেশকে পানি দিতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আশপাশের কয়েকটি নদীর সঙ্গে তিস্তার সংযোগ করে পানি দেবেন। কিন্তু এটা দীর্ঘসূত্রতার ব্যাপার।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে পানি দিতেই হবে। বৃষ্টির সময় তাদের বাঁধ খুলে দিতে হবে। এ কারণে তিস্তা ও ব্রহ্মপুত্র নদ খনন করতে হবে। সেখানে পানি ধরে রাখতে হবে। তিনি বলেন, ‘তিস্তার পানি চেয়েছি, কিন্তু তা হয়নি। এ কারণে ঠাট্টা করে বলেছি পানি পাইনি, কিন্তু দিদি (মমতা) বিদ্যুৎ দেওয়ার কথা বলেছেন। কিছু তো পেয়েছি। খালি হাতে ফিরিনি।’
গঙ্গা ব্যারাজ প্রসঙ্গ
পানি সমস্যার সমাধানে গঙ্গা ব্যারাজ করা হবে কি না, এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পানিসম্পদ মন্ত্রণালয় গঙ্গা ব্যারাজ নামে যে ব্যারাজের সমীক্ষা এবং যে ডিজাইন তৈরি করেছে, সেটা সম্পূর্ণ ভুল। এটা আমি নাকচ করে দিয়েছি। কারণ, এটা আমাদের জন্য আরও আত্মঘাতী হবে, ওই তিস্তা ব্যারাজের মতো আত্মঘাতী হবে।’
শেখ হাসিনা বলেন, গঙ্গা ব্যারাজ বাংলাদেশ-ভারত যৌথভাবে করা হবে। খরচও দেওয়া হবে যৌথভাবে। মমতার সঙ্গে বৈঠকে এ নিয়ে কথা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি তাঁকে বলেছি জায়গা দেখতে। দুই দেশের জন্য সুবিধা হয় এমন জায়গায় এই ব্যারাজ করতে হবে।
বাতিল করা সমীক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মানুষের মানসিকতা হলো এই প্রকল্প থেকে কমিশন নেওয়া, পয়সা নেওয়া। পাঁচ হাজার কোটি টাকার কাজ থেকে অর্থ লুট হবে। মানুষের কোনো কাজে আসবে না। দুই দেশকে নিয়ে যৌথভাবে করলে শুষ্ক মৌসুমে পানি কৃষিকাজে ব্যবহার করা যাবে।
ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংক প্রসঙ্গ
এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এক-এগারোর পর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ড. ইউনূস) ও একজন মালিক-সম্পাদক রাজনৈতিক দল করতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। তাঁকে (শেখ হাসিনা) মাইনাস করতে চেয়েছিলেন, পারেননি। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে থাকতে সরকারের বিরুদ্ধে মামলা করে হেরেছেন, থাকতে পারেননি। অথচ এ সবকিছুর জন্য প্রধানমন্ত্রীকে দোষারোপ করা হচ্ছে।
শেখ হাসিনা বলেন, গ্রামীণ ব্যাংকে এমডি পদে থাকার বয়স ৬০ বছর। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও উপদেষ্টা গওহর রিজভী প্রস্তাব দিয়েছিলেন পদ ছেড়ে দিতে। তাঁকে সম্মান জানিয়ে উপদেষ্টা ইমেরিটাস করার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি তা নেননি। এর বিরুদ্ধে আদালতে গেলেন।
শেখ হাসিনা বলেন, ‘শুধু গ্রামীণ ব্যাংকের কর মওকুফ করা হয়েছে। কিন্তু তিনি (ইউনূস) এই নামে ৫৪টি প্রতিষ্ঠান করেছেন। তিনি তো আমেরিকায়ও প্রতিষ্ঠান খুলেছেন। সেখানে আবার ডোনেশনও দিয়েছেন। সেগুলোর তো কর মওকুফ করা হয়নি। এগুলোর কর তাঁকে দিতে হবে। তাঁর (ইউনূস) এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল। বলে দিয়েছি, আপনার বন্ধুকে বলবেন কর দিতেই হবে।’
২০০১-এর নির্বাচন ও গ্যাস বিক্রি প্রসঙ্গ
২০০১ সালের নির্বাচনে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ ও যুক্তরাষ্ট্রের কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি, ইতিপূর্বে দেওয়া এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্র তাঁকে গ্যাস বিক্রি করতে বলেছিল। ওই গ্যাস কিনবে ভারত। এ নিয়ে তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটনও ফোনে কথা বলেছিলেন। কিন্তু দেশের স্বার্থ চিন্তা করে গ্যাস বিক্রিতে রাজি হননি। এতে যুক্তরাষ্ট্র ও ভারত ক্ষুব্ধ হয়।
শেখ হাসিনা বলেন, ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের আমন্ত্রণে তিনি ও তাঁর দলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান দুপুরের খাবার খেতে গিয়েছিলেন। সেখানে বিএনপির চেয়ারপারসন ও মহাসচিব ছিলেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারও ছিলেন। সেখানে জিমি কার্টার আবার গ্যাস বিক্রির কথা তোলেন। শেখ হাসিনা বলেন, ‘আমি না করে দিয়ে চলে আসি। কিন্তু খালেদা জিয়া সেখানে রয়ে যান।’
সংবাদ সম্মেলনে মঞ্চে শেখ হাসিনার পাশে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ।