মমতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলাম।

আজ সোমবার বিকেল চারটার দিকে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় ‘নবান্ন’তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আবিদা ইসলাম। এ সময় তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মমতাকে এ আমন্ত্রণ জানান।

জবাবে মমতা বলেন, ‘১৯৯৮ সালে বাংলাদেশ গিয়েছিলাম। বাংলাদেশ যাওয়ার ইচ্ছে আছে।’ সৌজন্যসাক্ষাতে মমতা ও আবিদার মধ্যে দুদেশের বিভিন্ন ইস্যুতে মত বিনিময় হয়েছে। তবে তাঁদের মধ্যে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার প্রথম আলোকে স্পষ্ট করে কিছু বলেননি। তিনি জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।

সাক্ষাতের সময় মুখ্যমন্ত্রী মমতার হাতে উপহারস্বরূপ একটি শাড়ি ও কিছু উপহার তুলে দেন আবিদা ইসলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে একটি শাড়ি উপহার দেন।

ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলাম ২০১২ সালের ৬ এপ্রিল কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে ডেপুটি হাইকমিশনার হিসেবে যোগ দেন। যোগদানের পর এই প্রথম মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হলো। আবিদা ইসলাম সম্প্রতি বদলি হয়েছেন। তিনি কিছুদিনের মধ্যে ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে যোগ দেবেন।