মমতাকে বাদ দিয়ে তিস্তা চুক্তি করবে না সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর বাংলাদেশের মতো ভারতীয় গণমাধ্যমেও গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে, তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়টি প্রাধান্য পাচ্ছে প্রায় সব গণমাধ্যমের খবরে। প্রায় সবাই এক সুরে বলছে, এবারও হয়তো মমতাকে দূরে রেখে চুক্তির পথে হাঁটবে না কেন্দ্রীয় সরকার।

হিন্দুস্তান টাইমস পত্রিকায় গতকাল শুক্রবার প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, নয়াদিল্লি যদি ঢাকার সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তি করেই ফেলে, তাতে ‘অসাংবিধানিক পদক্ষেপের’ অভিযোগ উঠবে না। এরপরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে তৎপর। কারণ, তিনি চান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো চুক্তি করা হলে সেখানে সীমান্তবর্তী রাজ্যগুলোকে সংশ্লিষ্ট করা হোক। নিবন্ধে বলা হয়, তবে মমতা যদি তাঁর অবস্থানে অনড় থাকেন এবং দিল্লি যদি তাঁকে বাদ দিয়ে চুক্তি করেও ফেলে, তাতেও তাঁর হারানোর কিছু নেই।

টাইমস অব ইন্ডিয়া পত্রিকার এক বিশ্লেষণে বলা হয়, ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময়ই তিস্তার পানিবণ্টন চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে সে পরিকল্পনা বাতিল হয়ে যায়। এবারও হয়তো মমতাকে দূরে রেখে চুক্তির পথে হাঁটবে না কেন্দ্রীয় সরকার।

দ্য হিন্দু বিজনেস লাইন-এর নিবন্ধে বলা হয়, শেখ হাসিনার এবারের ভারত সফরে প্রতিরক্ষা, শিক্ষা, অবকাঠামো, চলচ্চিত্র, প্রযুক্তিসহ ৩০টি চুক্তি হতে পারে। তবে সবচেয়ে বড় ইস্যু তিস্তার পানিবণ্টন চুক্তি। এর আগে মমতার আপত্তিতে এ চুক্তি হয়নি। এবার হয়তো রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এ বিষয়ে কথা বলতে দুই নেত্রীকে নিয়ে বসতে পারেন। এ চুক্তি স্বাক্ষরিত হলেই কেবল শেখ হাসিনার সফরকে ‘ঐতিহাসিক’ বলার সুযোগ তৈরি হতে পারে।

সংবাদ সংস্থা ফার্স্ট পোস্ট-এ এক বিশ্লেষণে বলা হয়, ভারতের রাজনৈতিক হিসাব-নিকাশের মারপ্যাঁচে এর আগেও তিস্তার পানিবণ্টন চুক্তি আটকে গেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কোনো সুযোগ না দিয়ে এবার হয়তো নরেন্দ্র মোদির সরকার এ চুক্তি করেই ফেলতে পারে।