মমতাকে রাজি করাতে কলকাতায় যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তার পানি বণ্টন চুক্তি, ছিটমহল সমস্যার সমাধান এবং সীমান্ত প্রটোকল অনুমোদনের জন্য ভারতের কেন্দ্রীয় সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার উদ্যোগ নিয়েছে। গত বুধবার ইউপিএর সমন্বয় কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনাও হয়। দীর্ঘদিন পর ইউপিএর ওই বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি, ছিটমহল সমস্যা ও সীমান্ত প্রটোকলের ব্যাপারে মমতার মতামত জানতে চান কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে। মমতা জানান, এসব বিষয়ে তাঁর আরও অনেক কিছু জানা দরকার। এর পরই প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁকে বলেন, এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণাকে কলকাতায় পাঠানো হচ্ছে। তিনি কলকাতায় গিয়ে মমতা ও তৃণমূলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন।ছিটমহল বিনিময় এবং সীমান্ত প্রটোকল অনুমোদনের জন্য সংবিধান সংশোধন জরুরি হওয়ায় লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনেই সংবিধান সংশোধনী বিল পেশ করা হতে পারে। গত বছরের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে তিস্তা চুক্তি সম্পাদনের কথা থাকলেও মমতার আপত্তির কারণে তা সম্ভব হয়নি।চলতি মাসের শেষ দিকে ইরানের রাজধানী তেহরানে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সম্মেলন হচ্ছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে পারেন। দুই নেতার বৈঠকে তিস্তা চুক্তি, ছিটমহল বিনিময় এবং সীমান্ত প্রটোকল নিয়ে আলোচনা হতে পারে।